7/Slider/slider-tag <center><div id='bp_recent'></div><div class='bp_footer'><small><a id='bp_recent_link' target='_blank' href='http://www.bloggerplugins.org/2011/09/recent-posts-thumbnails-blogger-widget.html?utm_src=bp_recent' style='padding: 1px 0px 0px 19px;text-decoration:none;'><a href='http://www.bloggerplugins.org/?utm_src=bp_recent' target='_blank' title='blogger widgets'></a></a></small></div> <script style='text/javascript' src='http://bloggergadgets.googlecode.com/files/recentposts_orig.js'></script> <script style='text/javascript'> var numberOfPosts = 5; var showPostDate = false; var showSummary = false; var titleLength = 0; var showCommentCount = false; var showThumbs = true; var showNoImage = true; var imgDim = 125; var imgFloat = 'left'; var myMargin = 5; var mediaThumbsOnly = true; var showReadMore = false; </script> <script src='https://hindudarshon.blogspot.com/feeds/posts/default?max-results=5&orderby=published&alt=json-in-script&callback=bprecentpostswiththumbnails'> </script></center>

পৃষ্ঠাসমূহ

১৯ জানুয়ারি, ২০২২

ভক্তি যোগ এর তাৎপর্য

ভক্তি যোগ কি

ঈশ্বরের সাথে ভক্তির দ্বারা যুক্ত হওয়াকে ভক্তি যোগ বলে। ভাগবান শঙ্করাচার্য বলেছেন নিজের স্বরূপের অনুসন্ধান করার নাম ভক্তি। আমি কে? কোথা থেকে আমার সৃষ্টি? কোথায় আমার লয়? এভাবে নিজের স্বরূপ বিশ্লেষণ করলে ঈশ্বরকে জানা যায় এবং শেষে ঈশ্বরের প্রতি প্রেম জন্মে। সাথে

  মোক্ষকারণসামগ্র্যাং ভক্তিরেব গরীয়সী

  স্বরূপানুসন্ধানং ভক্তিরিত্যভিধীয়তে।

  স্বত্মতত্ত্বানুসন্ধানং ভক্তিরিত্যপরে জগুঃ।।

  —বিবেকচূড়ামনি (৩১)

—মোক্ষের সাধনসমূহের মধ্যে ভক্তিই শেষ্ঠ। নিজের স্বরূপের সন্ধানকেই ভক্তি বলে অভিহিত করা হয়। আবার অনেকে আত্মার ও পরমাত্মার তত্ত্ব-বিচারকেই ভক্তি বলে। শাণ্ডিল্য সূত্রে বলা হয়েছে— “সা পরানুরক্তিরীশ্বরে” অর্থাৎ পরমেশ্বরে পরম অনুরাগকে ভক্তি বলে।

ভক্তিযোগ

ভক্তি কাকে বলে

নারদীয় ভক্তি সূত্রে বলা হয়েছে— “সা ত্বস্মিন্ পরমপ্রেমরূপা” অর্থাৎ একমাত্র ঈশ্বরের প্রতি পরম প্রেমকে ভক্তি বলে। নারদীয় ভক্তি সূত্রের অন্যত্র বলা হয়েছে— “নারদস্তু তদর্পিতাখিলাচারতা তদ্ বিস্মরণে” অর্থাৎ যখন সকল চিন্তা, সকল কথা ও সকল কর্ম ঈশ্বরে সমার্পণ করা হয়, যখন ক্ষণিকের জন্য ঈশ্বরকে ভুলে গেলে অবস্থা শোচনীয় হয়, তখন ভক্তির সঞ্চার হয়। পরাশরপুত্র ব্যাসদেব বলেছেন— “পূজাদিষানুরাগ” অর্থাৎ পূজাদি কর্মে অনুরাগই ভক্তি।  গর্গ মুনি বলেছেন— “কথাদিষু” অর্থাৎ শ্রবণ ও কীর্তনে অনুরাগই ভক্তি। শাণ্ডিল্য বলেছেন— “আত্মরত্যবিরোধেন” অথাৎ চিত্তচাঞ্চল্য সৃষ্টিকারী চিন্তা ত্যাগ এবং আত্মাতে প্রীতিলাভ করাই ভক্তি। নারদীয় ভক্তি সূত্রের এক স্থানে বলা হয়েছে— “যৎ প্রাপ্য ন কিঞ্চিদ বাঞ্ছতি ন শোচতি ন দ্বেষ্টি ন রমতে নোৎসাহী ভবতি” অর্থাৎ ভক্তি এমন বস্তু যা পাবার পর মানুষ অন্য কিছু পাবার ইচ্ছা করে না, তিনি কখনও শোক করেন না, তিনি ঘৃণা ও হিংসা হতে মুক্ত হন, তিনি জীবনে অসার বস্তুতে আনন্দলাভ করেন না এবং তিনি কোন বস্তু পাবার জন্য আগ্রহ করেন না।

ভক্তি লাভের উপায়

নারদীয় ভক্তি সূত্রে ভক্তি লাভের উপায় সম্পর্কে বর্ণনা করা হয়েছে। ভক্তি লাভ করতে হলে প্রথমেই বিষয়-বাসনা ত্যাগ করতে হবে এবং বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করতে হবে। সহজ কথায় সাংসারিক সুখের আশা ত্যাগ করতে হবে। ভগবানের ভজনা করতে হবে, সংসারে সকল কাজে নিযুক্ত থেকেও ভগবানের নাম-গুণ শ্রবণ ও কীর্তন করতে হবে, মহাপুরুষের সান্নিধ্য লাভ ও সাধুসঙ্গ করতে হবে, দুঃসঙ্গ ত্যাগ করতে হবে, কাম-ক্রোধ-লোভ-মোহ ত্যাগ করতে হবে এবং মায়াকে অতিক্রম করতে হবে। নারদীয় ভক্তিসূত্রের আর একটি শ্লোক প্রণিধানযোগ্য, যথা— “তস্মিংস্তজ্জনে ভেদাভাবাৎ” অথার্ৎ ভক্তি লাভ করতে হলে ভক্ত ও ভগবানের মধ্যে ভেদ জ্ঞান দূর করতে হবে।

ভক্তির প্রকারভেদ

এখন ভক্তির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা যাক। ভক্তিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, যথা— গৌণী বা অপরা এবং মুখ্যা বা পরা। গৌণী ভক্তিকে সগুণা আবার পরা ভক্তিকে নিগুর্ণা ভক্তিও বলে। বিষয়-বাসনা সম্পূর্ণ ত্যাগ না করে এবং কোন কিছু পাওয়ার উদ্দেশ্যে যে ভক্তি তাকে গৌণী ভক্তি বলে। সকল বিষয়-বাসনা সম্পূর্ণ ত্যাগ করে অর্থাৎ নিষ্কামভাবে শুধুমাত্র ঈশ্বরকে পাওয়ার জন্য যে তীব্র ব্যাকুলতা, তাই পরাভক্তি। পরাভক্তি জন্মিলে সাধক সর্বভূতে তাঁর প্রেমাস্পদকে দেখতে পান। ভক্তি-মার্গের সর্বোচ্চ স্তরে পরাভক্তি লাভ হয়। মুক্তির জন্য পরাভক্তি একান্ত আবশ্যক।

নববিধ ভক্তি

ভাগবতে নববিধ ভক্তির উল্লেখ আছে, যথা— ভগবানের মাহাত্ম্য শ্রবণ করা, তাঁর গুণ-কীর্তন করা, তাঁর লীলা স্মরণ করা, তাঁর পূজা করা, তাঁর চরণ-সেবা করা, মন্ত্র-তন্ত্রের মাধ্যমে তাঁর অচর্না করা, তাঁর বন্দনা করা, দাস হয়ে তাঁর সেবা করা হয়, বন্ধু বা সখার মত তাঁকে ভালবাসা এবং তাঁর চরণে সব কর্ম সমর্পণ করে আত্মনিবেদন করা। এছাড়াও ভাগবতে তামসিক, রাজসিক ও সাত্ত্বিক এই তিন প্রকার ভক্তির উল্লেখ আছে। হিংসা ও দম্ভ সহকারে ঈশ্বরের প্রতি যে ভক্তি তাকে তামসিক ভক্তি বলে। যশ-খ্যাতি ও ঐশ্বর্য লাভের জন্য ঈশ্বরের প্রতি যে ভক্তি জাগ্রত হয় তাকে রাজসিক ভক্তি বলে। ভক্ত সর্বকর্ম ভগবানে সমর্পণ করে মোক্ষলাভের জন্য যে ভক্তি প্রদর্শন করে তাকে সাত্ত্বিক ভক্তি বলে।

ভক্তির লক্ষণ

ভক্তিরসামৃতসিন্ধু নামক গ্রন্থ মতে উত্তম ভক্তির লক্ষণ দুইটি, যথা— স্বরূপ লক্ষণ ও তটস্থ লক্ষণ। কৃষ্ণের অনুকুলে কর্ম করে যাওয়াকে ভক্তির স্বরূপ লক্ষণ এবং সকল কামনা-বাসনা ত্যাগ করে শ্রীকৃষ্ণের সেবা করাকে হল ভক্তির তটস্থ লক্ষণ বলে। উক্ত বৈষ্ণবগ্রন্থে অধম, মধ্যম ও উত্তম ভেদে ভক্তিকে সাধন-ভক্তি, ভাব-ভক্তি ও প্রেম-ভক্তি এই তিন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। ইন্দ্রিয়গণের প্রেরণা অর্থাৎ শ্রবণ, কীর্তন ও দর্শনাদির মাধ্যমে ভক্তের হৃদয়ে যে সামান্য ভক্তি জাগ্রত হয়, তাকে সাধন-ভক্তি বলে। সাধন-ভক্তি দুই প্রকার, যথা— বৈধী ও রাগানুগা ভক্তি। অনুরাগ উৎপন্ন হয়নি, শুধু ভগবানের শাসন ভয়ে যে ভক্তি জন্মে, তাকে বৈধী ভক্তি বলে। ঈশ্বরের প্রতি কেবল স্বাভাবিক আকর্ষণবশত যে রাগ বা প্রীতি জন্মায়, তাকে রাগানুগা ভক্তি বলে। বৈধী ভক্তিতে শাস্ত্রের বিধি-নিষেধ থাকে কিন্তু রাগানুগা ভক্তিতে কোন শাস্ত্রীয় বিধি-নিষেধ থাকে না। রাগানুগা ভক্তি দুই প্রকার। যথা— সম্বদ্ধানুগা ও কামনানুগা। ঈশ্বরের সাথে সম্বন্ধ স্থাপন করে ঐ সম্বন্ধ অনুসারে তাঁর প্রতি যে প্রীতি জন্মে, তাকে সম্বদ্ধানুগা ভক্তি বলে। যেমন— শ্রীদাম, সুদাম প্রভৃতি ব্রজবাসীর সাথে কৃষ্ণের বন্ধুত্বের সম্বন্ধ ছিল। ঈশ্বরের প্রতি কামনা বা আকর্ষণবশত যে ভক্তি উৎপন্ন হয়, তাকে কামানুগা ভক্তি বলে। কামানুগা ভক্তি দুই প্রকার, যথা— সম্ভোগেচ্ছাময়ী এবং তদ্ভাবেচ্ছাময়ী। সম্ভোগের ইচ্ছায় যে ভক্তি করা হয়, তাকে সম্ভোগেচ্ছাময়ী ভক্তি বলে। সম্পূর্ণ নিষ্কাম হয়ে শুধুমাত্র ঈশ্বরের ভাব বা ভালবাসা লাভের ইচ্ছার যে ভক্তি, তাকে তদ্ভাবেচ্ছাময়ী ভক্তি বলে।

পঞ্চপ্রেম বা পঞ্চভাব

এবার আসা যাক ভাব-ভক্তি প্রসঙ্গে। প্রেমের প্রাথমিক অবস্থকে ভাব বলে। ভাবই এক সময় গাঢ় হয়ে প্রেমে পরিণত হয়। ভাব পাঁচ প্রকার, যথা— শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর বা কান্তা। 

শান্ত ভাব

যাতে সুখ নেই, দুঃখ নেই, দ্বেষ নেই, যে প্রেম জন্মালে সর্বভূতে সমভাব বিরাজ করে এবং যে প্রেমের উন্মত্ততা বা গভীরতা নেই, তাকেই শান্ত ভাব বলে। সনকাদি ঋষিগণের মধ্যে শান্তভাব বিরাজ করত।

দাস্য ভাব

ভগবানকে প্রভূ এবং নিজেকে দাস মনে করে ভগবানের সেবাই হল দাস্য ভাব। হনুমান রামচন্দ্রকে দাস্য ভাবে সেবা করতেন।

বাৎসল্য ভাব

ভগবানকে পুত্র বা কন্যার ন্যায় ভালবাসাই হল বাৎসল্য ভাব। কৃষ্ণ ও যশোদার মধ্যে বাৎসল্য ভাব ছিল।

সখ্য ভাব

ভগবানকে বন্ধু বা সখার মত মনে করলে যে ভাবের উদয় হয় তাকেই সখ্য ভাব বলে। শ্রীদাম, সুদাম প্রভৃতি গোপবালকগণের সাথে শ্রীকৃষ্ণের সখ্য ভাব ছিল। 

কান্তা বা মধুর ভাব

পতি-পত্নী বা প্রেমীক-প্রেমীকার মধ্যে যে ভালবাসা বা ভাব তাই কান্তা বা মধুর ভাব। ভগবানকে পতি ও নিজেকে পত্নী মনে করে ভজনা করলে কান্তা প্রেমের উদয় হয়। গোপীগণ, রুক্মিণী প্রভৃতি নায়িকার সাথে শ্রীকৃষ্ণের কান্তা ভাব বিরাজিত ছিল। কান্তা ভাব আবার দুই ধরনের। যথা— স্বকীয়া-কান্তা আর পরকীয়া কান্তা। পতি ও পত্নীর মধ্যে যে ভালবাসা তাই স্বকীয়া-কান্তা। যেমন— শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর মধ্যে স্বকীয়া-কান্তা ভাব ছিল। উপপতির সাথে কুলবধুর যে ভালবাসা তা পরকীয়া-কান্তা নামে খ্যাত। গোপিনীদের স্বামী-সন্তান থাকতেও তাঁরা কামনা-বাসনাশূণ্য হয়ে শ্রীকৃষ্ণকে ভালবেসে গেছেন। গোপীদের এই পরকীয়া-কান্তা প্রেমই শ্রেষ্ঠ। পত্নীরা পতিকে ভালবাসে আবার ভয়ও পায়। কিন্তু পরকীয়া প্রেমে প্রেমীকা সম্পূর্ণ লোকলজ্জার ভয় উপেক্ষা করে তাঁর প্রেমাষ্পদের নিকট ছুটে যায়। গোপীরা শ্রীকৃষ্ণকে ভয় করে না, কেবলই নিষ্কাম হয়ে ভালবাসে। শুধু একবার দর্শনের জন্য তাঁরা সংসারের সব কাজ ফেলে কৃষ্ণের নিকট ছুটে যান। যেহেতু পরকীয়া-কান্তায় বিষয়-বাসনা সম্পূর্ণই ত্যাগ করতে হয় তাই পরকীয়া কান্তাই-শ্রেষ্ঠ।

মাতৃভাব

শাক্তরা মাতৃভাবে দেবী দুগার্কে উপাসনা করে। শাক্তদের নিকট দেবী দুর্গাই জগজ্জননী। মা যেমন সন্তানকে লালন-পালন করে দেবী দুগার্ও তেমনি জগৎকে লালন-পালন করেন। সন্তান যেমন মা মা বলে তার মায়ের নিকট ছুটে যায় মায়ের আদর পাবার জন্য, শাক্ত ভক্তরাও তেমনি দেবীকে মা বলে ডাকে মাতৃস্নেহ পাওয়ার জন্য। মা যেদিন সন্তানকে কোলে তুলে নিবেন সেদিনই হবে তার মুক্তি। শৈবরা ভগবান শিবকে পিতৃভাবে উপাসনা করেন। পিতা শিবই শৈবদের মুক্তিদাতা। এভাবে ভক্তরা ভগবানের সাথে বিভিন্ন সম্বন্ধ পাতিয়ে তাঁকে প্রেমডোরে বাঁধে।

প্রেমভক্তি

এবার আসা যাক প্রেমভক্তি প্রসঙ্গে। ভাবের পরিণত অবস্থাই প্রেম। অন্যের প্রতি মমতা পরিত্যাগ করে ভগবানে যে মমতা তার নাম প্রেম। ভক্তিরসামৃতসিন্ধু নামক গ্রন্থে বলা হয়েছে— যে ভাব হতে চিত্ত সম্পূর্ণ নির্মল হয় এবং যে ভাব অতিশয় মমতাসম্পন্ন, সে ভাব গাঢ় হলে তাকে প্রেম বলে। সুতরাং ভাবই পরিপক্ক হয়ে প্রেমে পরিণত হয়। চৈতন্যচরিতামৃতে আছে, আত্মেন্দ্রিয় পরিতৃপ্তির জন্য যে কার্য করা হয় তাকে কাম বলে আর ঈশ্বরেন্দ্রিয় প্রীতির জন্য যে কার্য করা হয় তাকে প্রেম বলে। উজ্জ্বল-নীলমণি নামক বৈষ্ণবগ্রন্থে আছে— ধ্বংসের কারণ সত্ত্বেও যার ধ্বংস হয় না এমন যুবক-যুবতীদ্বয়ের পরস্পর ভাববন্ধনকে প্রেম বলে। ভক্তরা প্রেমের দ্বারাই ঈশ্বরের নৈকট্য লাভ করতে চান।

ভক্ত কে

এখন প্রশ্ন হল ভক্ত কে? নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে— যিনি বিচলিত হন না, যিনি আপন ও পরে সমভাব দেখান, যিনি পরদ্রব্য হরণ করেন না, যিনি কোন জীবে হিংসা করেন না, যার অন্তর ক্রোধশূন্য ও অতি নির্মল তাকেই বিষ্ণুভক্ত বলে জানবে। অন্যত্র বলা হয়েছে— যিনি নির্জনে স্বর্ণ দেখেও তৃণ মনে করে উপেক্ষা করেন, যিনি অন্য চিন্তা পরিত্যাগ করে কেবল ভগবানের চিন্তা করেন, সেই পুরুষকে বিষ্ণুভক্ত বলে বিবেচনা করবে। গীতা অনুসারে তিনিই শ্রীকৃষ্ণের প্রিয়ভক্ত, যিনি কাউকে হিংসা করেন না, সকলের প্রতি বন্ধুভাবাপন্ন ও দয়াবান, যিনি সুখে-দুঃখে সমদর্শী ও অহংকারশূন্য, যিনি সদা সন্তুষ্ট, যোগী, সংযত স্বভাবযুক্ত, দৃঢ় বিশ্বাসী, যার মন-বুদ্ধি ঈশ্বরে অর্পিত, যিনি সব বিষয়ে অনাসক্ত, শৌচসম্পন্ন, কর্তব্য-কর্মে অনলস, পক্ষপাতশূন্য, যাকে কিছুতেই মন পীড়া দিতে পারে না, যিনি কর্মফল ত্যাগ করে সর্বকর্ম করেন, যিনি ইষ্টলাভে হৃষ্ট হন না, অপ্রাপ্য বস্তুলাভে আকাক্সক্ষা করেন না, যিনি কর্মের শুভাশুভ ফলাকাক্সক্ষা ত্যাগ করেছেন, যিনি শত্রু-মিত্রে, মান-অপমানে, শীত-উষ্ণে, সুখে-দুঃখে সমদর্শী হন, প্রশংসা ও নিন্দায় যিনি সমভাব প্রদর্শন করেন, যিনি বাকসংযমী, যিনি গৃহাদিতে মমত্ববুদ্ধি-বর্জিত এবং স্থির চিত্তের অধিকারী।

গীতায় উল্লেখিত চার প্রকার ভক্ত

গীতায় চার প্রকার ভক্তের কথা বলা হয়েছে, যথা— আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী ও জ্ঞানী। যিনি রোগ বা বিপদ হতে মুক্তির আশায় ঈশ্বর ভজনা করেন তিনি আর্ত, যেমন— দ্রৌপদী। যিনি আত্মজ্ঞান লাভের জন্য ঈশ্বরের ভজনা করেন তিনি জিজ্ঞাসু, যেমন— মুকুন্দ, জনক প্রভৃতি। যিনি ইহলোক ও পরলোকে সুখভোগের জন্য ভজনা করেন তিনি অর্থার্থী, যেমন— সুগ্রীব, বিভীষণ প্রভৃতি। যিনি তত্ত্বাদর্শী এবং কোন কিছু লাভের আশায় নয়, শুধু ভগবানকে জেনেছেন এজন্য তাঁকে ভজনা করেন তিনি জ্ঞানী ভক্ত, যেমন— প্রহ্লাদ, শুকদেব, সনক প্রভৃতি। জ্ঞানী ভক্তের প্রেম নিষ্কাম অর্থাৎ তারা কোন ধন—সম্পত্তি চান না এবং তারা শুধুই ভগবানের শ্রীপাদপদ্ম প্রার্থনা করেন। বিষ্ণু-পুরাণে আছে—

ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতা বা জগদীশ কাময়ে।

মম জন্মানি জন্মনীশ্বরে ভবতাদ্ভক্তিরহৈতুকী ত্বয়ী।।

অর্থাৎ হে ঈশ্বর, স্বর্ণরত্নাদি ধন, ভৃত্যাদি জন, সুন্দরী স্ত্রী কিংবা পাণ্ডিত্য প্রভৃতি কিছুই চাই না। কিন্তু হে ঈশ্বর, জন্মে-জন্মে যেন তোমার প্রতি আমার কামনা-বাসনাশূন্য ভক্তির উদয় হয়। এরকম নিষ্কাম ভক্তিই ভক্তকে ভগবানের অতি নিকটে নিয়ে যায়।

ভক্তের নিকট ঈশ্বর কেমন

ভক্ত ঈশ্বরকে নিরাকার ভাবতে চান না। তাই ভক্তের নিকট ঈশ্বর সাকার। ভক্ত ঈশ্বরের নানা মূর্তির কল্পনা করে তাঁকে ভজনা করেন। ভক্ত মনে করেন তিনি মন্ত্র-তন্ত্র কছুই জানেন না, সাধনার পদ্ধতিও জানেন না, তিনি শুধু প্রেমের দ্বারা ভগবানকে কাছে পেতে চান। ভগবানও ভক্তের আকুল প্রার্থনায় সাড়া না দিয়ে থাকতে পারেন না এবং তাঁকে সাকার রূপেই দর্শন দেন।

কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয়

অনেক ভক্তরা বলেন, জ্ঞানযোগ হল মিছরির মত অর্থাৎ মিষ্ট কিন্তু নিরস। আবার অনেক জ্ঞানীরা বলেন, ভক্তিযোগ হল দুধের মত, সরস ও সুপেয় বটে কিন্তু মিষ্টতা নেই। যদি দুধের সাথে মিছরি মিশানো হয় তবে তা একটি সরস মিষ্ট খাদ্যে পরিণত হয়। সুতরাং জ্ঞান ও ভক্তির সমন্বয়ে সাধনা করা একান্ত প্রয়োজন। কারণ জ্ঞানবিহীন ভক্তি অমিষ্ট এবং ভক্তিবিহীন জ্ঞান নিরস। প্রকৃতপক্ষে কর্ম, জ্ঞান ও ভক্তি পৃথকভবে থাকতে পারে না। যিনি পরাভক্তি অর্জন করেছেন তিনি কি জ্ঞানী নন? আবার জ্ঞানী ও ভক্তের কেউই কর্ম না করে থাকতে পারেন না, তাই তাঁরা কর্মীও বটে। এখন প্রশ্ন হল জ্ঞানী কি করে ভক্ত হন? আবার ভক্তই বা কি করে জ্ঞানী হন? জ্ঞানীর ঈশ্বর নিরাকার এবং তিনি যখন সর্বভূতে ঈশ্বর দর্শন করেন, তখন হিংসা ভুলে যান, কারণ কাকে হিংসা করবেন? সব কিছুইতো ঈশ্বর। আবার ভক্তের ঈশ্বর সাকার হলেও তিনি যখন পরাভক্তি অর্জন করেন তখন তিনি ঈশ্বরকে বিশেষ কোন স্থানে না দেখে সর্বভূতেই তাঁর রূপ দর্শন করেন। তাই সাধনার চূড়ান্ত স্তরে জ্ঞান ও ভক্তির পার্থক্য কোথায়? জ্ঞানী যখন নিরাকার ঈশ্বরকে সর্বভূতে উপলব্ধি করেন তখন তিনি ভক্ত হন আবার ভক্ত যখন তাঁর সাকার ঈশ্বরকে সর্বভূতে দর্শন করে তখন তিনি জ্ঞানী হন। কর্ম করলে জ্ঞান হয় আর জ্ঞান হলে পরাভক্তি জন্মে। সুতরাং কর্মের মাধ্যমে অর্জিত জ্ঞান যখন ভক্তির সাথে যুক্ত হবে তখন মুক্তি আসবে। সাধক তাঁর পছন্দমত এবং সাধ্যানুসারে কর্ম বা জ্ঞান বা ভক্তিযোগ অবলম্বন করে সাধন-জীবন শুরু করলেও সাধনার শেষ স্তরে এসে তিনি দেখেন কর্ম-জ্ঞান-ভক্তি একাকার হয়ে গেছে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণও কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয় করেছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানী ভক্তই শ্রেষ্ঠ অর্থাৎ যার মধ্যে জ্ঞান ও ভক্তি উভয়ই আছে, তিনিই শ্রেষ্ঠ। 

(আমা কর্তৃক লিখিত “হিন্দুধর্মের সারকথা” পুস্তক থেকে সঙ্কলিত)


এই ওয়েবসােইটের সকল ধর্মীয় পোস্ট  পড়ার জন্য এই <পোস্ট দেখুন> অংশে ক্লিক করুন

আরও পড়ুন



জ্ঞান যোগ কি

জ্ঞান যোগ কি

জ্ঞান বিচারের দ্বারা ঈশ্বরের সাথে যুক্ত হওয়াই জ্ঞান যোগ। জ্ঞান মানুষকে পবিত্র করে এবং মনের পশুসত্ত্বাকে দমন করে দেবত্বকে জাগিয়ে তোলে। গীতায় ৪র্থ অধ্যায়ের ৩৮ নং শ্লোকে আছে “ন হি জ্ঞানেন সদৃশ্যং পবিত্রমিহ বিদ্যতে। তৎ স্বয়ং যোগাসংসিদ্দঃ কালেনাত্মনি বিন্দতি।।” অর্থাৎ ইহলোকে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছু নাই। কর্মযোগে সিদ্ধ পুরুষ সেই জ্ঞান কাল সহকারে আপনিই অন্তরে লাভ করেন। গীতায় আরো বলা হয়েছে যে, “শ্রদ্ধাবান্ লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ। জ্ঞানং লব্ধা পরাং শান্তিমচিরেণাধিগচ্ছতি।।” অর্থাৎ যিনি শ্রদ্ধাবান, একনিষ্ঠ, সাধন-তৎপর এবং জিতেন্দ্রিয় তিনিই জ্ঞানলাভ করেন। আত্মাজ্ঞান লাভ করে অচিরেই পরম শান্তি লাভ করেন।

জ্ঞানযোগ

জ্ঞান যোগের প্রকারভেদ

জগতে দুই প্রকার বিদ্যা বা জ্ঞান রয়েছে। যথা— পরা বিদ্যা ও অপরা বিদ্যা। জাগতিক বিষয় সম্পর্কিত বিদ্যাকে অপরাবিদ্যা বলে। যেমন— ধনুর্বিদ্যা, মধুবিদ্যা প্রভৃতি। ঈশ্বর বা ব্রহ্ম সম্পর্কিত বিদ্যাকে পরাবিদ্যা বলে। প্রকৃতপক্ষে বেদান্ত পাঠের মাধ্যমে যে জ্ঞান লাভ করা হয়, তাই পরাবিদ্যা। অপরাবিদ্যা থেকে পরাবিদ্যা শ্রেষ্ঠ এবং পরা বিদ্যা অজর্নই জ্ঞানযোগীর প্রকৃত উদ্দেশ্য।

জ্ঞান যোগের স্তর

জ্ঞান লাভ একবারে হয় না। জ্ঞান লাভের বিভিন্ন স্তর বা সোপান রয়েছে। যোগাবাশিষ্ট নামক গ্রন্থে বশিষ্ট মুনি জ্ঞানের সাত প্রকার অবস্থার কথা বলেছেন। ঐ সাত প্রকার অবস্থাকে ভূমিকা বলে। এই সাত প্রকার ভূমিকা (অবস্থা বা স্তর) হল— শুভেচ্ছা, বিচারণা, তনুমানসা, অসংসক্তিকা, সত্ত্বাপত্তি, পরার্থভাবিনী ও তুর্যগা। শম-দমাদি সাধন বা ইন্দ্রিয় সংযমের ফলে মুক্তি লাভের যে ইচ্ছা জন্মে তাই শুভেচ্ছা। এ স্তরে আমি জ্ঞান লাভ করছি এরকম বোধ জন্মায়। আত্মার কথা শ্রবণ-মনন প্রভৃতি করার ফলে যে বিচারবোধ জন্মায় তাই বিচারণা। যা জানার ছিল তা জেনেছি, আর কিছু জানার প্রয়োজন নেই, বিচারণা স্তরে জ্ঞানীর এ রকম উপলব্ধি আসে। তনুমানসা বলতে বিষয়-বাসনা ত্যাগ করে শ্রুত অর্থের নিরন্তর চিন্তার দ্বারা সৎ স্বরূপে অবস্থিত হওয়া বোঝায়। সোজা কথায় অন্তরের সত্যকে উপলব্ধি করাই তনুমনসা। জ্ঞানের এই স্তরে জ্ঞানীর উপলব্ধি হবে— যা সত্য তা বাইরে নেই, এতদিন অপরের নিকট যে সত্যকে অনুসন্ধান করেছি তা বৃথা অর্থাৎ সত্য আমার ভিতরেই রয়েছে। “আমিই ব্রহ্ম” এমন অপরোক্ষ জ্ঞান যে স্তরে হয়, তাকে অসংসক্তিকা বলে। যে জ্ঞান লাভ করলে সর্ববিষয়ে অনাসক্তি আসে তাকে সত্ত্বাপত্তি বলে। জ্ঞানের যে স্তরে পরব্রহ্ম ব্যতীত অন্য কোন ভাবনা আসে না, তাকে পরার্থভাবিনী বলে। এ অবস্থায় চিত্ত পরব্রহ্মে লয় হয়। জ্ঞানীর যে অবস্থায় নিজ হতে বা অপর হতে কোন রকম চিত্তে চাঞ্চল্য আসে না সে অবস্থাকে তুর্যগা বলে। এই অবস্থায় জ্ঞানীর পূর্ণ জ্ঞান লাভ হয়। জ্ঞানী তখন শান্ত, সদানন্দ ও জীবন্মুক্ত হন। ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান, প্রকৃতি-পুরুষ সম্পর্কিত জ্ঞান প্রভৃতি তত্ত্বজ্ঞান সম্যকভাবে লাভ করতে পারলেই জ্ঞান যোগী হওয়া যায়।

জ্ঞান যোগ ও প্রকৃতি-পুরুষ

এবার জ্ঞানযোগের সংশ্লিষ্ট সৃষ্টি ও প্রকৃতি-পুরুষ সম্পর্কিত বিষয় আলোচনা করা যাক। সৃষ্টির আদিতে পরব্রহ্ম বহু হবার চিন্তা করলেন। তখন পরব্রহ্ম থেকে প্রথমে ত্রিগুণাত্বিকা প্রকৃতি ও পুরুষ সৃষ্টি হল। সত্ত্ব, রজঃ ও তমঃ এই তিন গুণবিশিষ্টা প্রকৃতিই ত্রিগুণাত্নিকা প্রকৃতি। এই প্রকৃতিকে ব্রহ্মের শক্তিও বলা হয়। এই ত্রিগুণাত্নিকা প্রকৃতি ব্রহ্মের মায়াও বটে। ব্রহ্মের যে চৈতন্যময় সত্ত্বা নিগুর্ণ, নিরাকার ও নির্বিকার, তাই পুরুষ। পুরুষ ও প্রকৃতিকে পৃথক মনে হলেও এরা কিন্তু অভিন্ন। প্রকৃতি ছাড়া পুরুষ কার্য সম্পাদন করতে পারে না আবার প্রকৃতিও পুরষের আশ্রয় ছাড়া নিষ্কৃয়। তাই প্রকৃতিকে পুরুষ থেকে পৃথক করা সম্ভব নয়। পুরুষের আরও একটি সংজ্ঞা আছে, যথা— যিনি দেহপুরে বাস করেন তিনিই পুরুষ। অথার্ৎ দেহস্থ আত্মাই হল পুরুষ আর ঐ আত্মার শক্তিই হল প্রকৃতি।

জ্ঞান যোগ ও সৃষ্টিতত্ত্ব

জ্ঞান যোগ : অহংকার সৃষ্টি

প্রকৃতি হতে প্রথমে মহতত্ত্ব সৃষ্টি হল। মহতত্ত্বকে বুদ্ধি তত্ত্বও বলা হয়। মহতত্ত্বের উপর ত্রিগুণ ক্রিয়া করে এবং দ্রব্য-ক্রিয়া-জ্ঞান যোগ হয়ে সৃষ্টি হল অহংকারের। সত্ত্ব, রজঃ ও তমোগুণ ভেদে অহংকার তিন প্রকার। তামসিক অহংকার হতে দ্রব্যের, রাজস অহংকার থেকে ক্রিয়ার এবং সাত্ত্বিক অহংকার থেকে জ্ঞানের উপলব্ধি হয়। তামসিক অহংকার হতে সৃষ্টি হয়েছে পঞ্চ-সূক্ষ্মভূত ও পঞ্চ-তন্মাত্র।

জ্ঞান যোগ : পঞ্চভূত ও পঞ্চতন্মাত্র সৃষ্টি

ক্ষিতি (মাটি), অপ (জল), তেজ (আগুন), মরুৎ (বায়ু) ও ব্যোম (আকাশ) এই পাঁচটি পদার্থকে সূক্ষ্মভূত বা অপঞ্চীকৃত মহাভূত বলে। এই পাঁচটি সূক্ষ্মভূতের যে গুণ রয়েছে, তাকে তন্মাত্র বলে। পঞ্চ-ভূতের শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ এই পঞ্চ-গুণই পঞ্চ-তন্মাত্র। পঞ্চ সূক্ষ্মভূতের মধ্যে আকাশ থেকে বায়ু, বায়ু থেকে আগুন, আগুন থেকে জল এবং জল থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে। আকাশের গুণ শব্দ, বায়ুর গুণ শব্দ ও স্পর্শ, আগুনের গুণ শব্দ, স্পর্শ ও রূপ, জলের গুণ শব্দ, স্পর্শ, রূপ ও রস এবং পৃথিবী বা মাটির গুণ গন্ধ। পঞ্চ-সূক্ষ্মভূত পঞ্চীকরণের মাধ্যমে পঞ্চ-মহাভূতে পরিণত হয়। 

জ্ঞান যোগ : পঞ্চ-জানেন্দ্রিয় ও পঞ্চ-কর্মেন্দ্রিয় সৃষ্টি

রাজসিক অহংকার থেকে পঞ্চ-জানেন্দ্রিয়, পঞ্চ-কর্মেন্দ্রিয় ও মন সৃষ্টি হয়। চক্ষু, শ্রোত্র (কর্ণ), নাসিকা, রসনা (জিহ্বা) ও ত্বককে একত্রে পঞ্চ-জ্ঞানেন্দ্রিয় বলে। বাক (মুখ), পাণি (হাত) পদ, পায়ু (মলদ্বার) ও উপস্থ (জননেন্দ্রিয়) এই পাঁচটিকে পঞ্চ-কর্মেন্দ্রিয় বলে। প্রাণ, অপাণ, ব্যান, সমান ও উদান এ পঞ্চ-বায়ু বা পঞ্চ-প্রাণও রাজসিক অহংকার থেকে সৃষ্টি হয়। সাত্ত্বিক অহংকার থেকে উৎপন্ন হয় পঞ্চ-জ্ঞানেন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী চন্দ্র, মিত্র, বরুণ, ইন্দ্র প্রভৃতি দেবগণ। পঞ্চ-জ্ঞানেন্দ্রিয়ের কর্ণের দেবতা দিক, চক্ষুর দেবতা সূর্য, নাসিকার দেবতা অশ্বিদ্বয়, জিহ্বার দেবতা বরুণ এবং ত্বকের দেবতা বায়ু।

জ্ঞান যোগ : সূক্ষ্মশরীর বা লিঙ্গশরীর সৃষ্টি

পঞ্চ-জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ-কর্মেন্দ্রিয়, পঞ্চ-বায়ু, মন, বুদ্ধি, চিত্ত ও অহংকার নিয়ে সূক্ষ্মশরীর বা লিঙ্গশরীর গঠিত। মন, বুদ্ধি, চিত্ত ও অহংকার এই চারটি বস্তুকে একত্রে অন্তঃকরণ বলে। বেদান্তসার গ্রন্থে আছে, অন্তঃকরণের নিশ্চয়াত্মক বৃত্তিকে বুদ্ধি বলে। অর্থাৎ যা থেকে কোন কিছু সম্পর্কে নিশ্চিত বা সঠিক ধারণা জন্মে তাই বুদ্ধি। মন হল সঙ্কল্প ও বিকল্পাত্মক অন্তঃকরণ বৃত্তি। সঙ্কল্প ও বিকল্পাত্মক অন্তঃকরণ বলতে বোঝায় প্রথমে একটি বিষয় সঠিক হয়েছে ভেবে পরক্ষণেই সঠিক হয়নি এমন ভাবা। মন অস্থির কিন্তু বুদ্ধি স্থির। অনুসন্ধান বা স্মরণাত্মক অন্তঃকরণ বৃত্তিকে চিত্ত বলে। চিত্তের মাধ্যমে অতীতের কোন ঘটনাকে স্মরণ করা হয়। আমি-আমি এরকম অভিমান রূপ অন্তঃকরণ-বৃত্তিকে অহংকার বলে।

জ্ঞান যোগ : জগৎ ও ব্রহ্ম সম্পর্কিত জ্ঞান

জ্ঞানযোগীকে অবশ্যই জগৎ ও ব্রহ্ম সম্পর্কে ধারণা লাভ করতে হবে। ব্রহ্ম অনন্ত অসীম, নিরাকার, নির্বিকার পক্ষান্তরে জগৎ সসীম, সাকার ও পরিণামী। একমাত্র ব্রহ্মই সত্য এবং এই জগৎ প্রকৃতপক্ষে মিথ্যা কিন্তু মায়ার কারণে জগৎকে সত্য বলে মনে হয়। মায়াই ব্রহ্ম ও জগতের মধ্যে ভেদজ্ঞানসৃষ্টি করে। ধারা যাক, জগৎ ও ব্রহ্মের মধ্যে একটি অদৃশ্য কাঁচের আবরণ রয়েছে। কাঁচ স্বচ্ছ হলে সহজেই জগৎ থেকে ব্রহ্মকে দেখা যাবে। কিন্তু কাঁচ অস্বচ্ছ হলে জগৎ থেকে ব্রহ্মকে দেখা যাবে না। মায়াই যেন ঐ অস্বচ্ছ কাঁচ। তাই মায়ার আবরণ দূর করতে পারলেই ব্রহ্মের স্বরূপ উপলব্ধি করা যাবে এবং জগৎকে মিথ্যা মনে হবে।

জ্ঞান যোগের চারটি সাধনা

জ্ঞানযোগীর জন্য যে চারটি সাধনার কথা শাস্ত্রে উল্লেখ আছে তা হল— নিত্য-অনিত্য-বস্তু বিবেক, ইহমুত্র-ফলভোগ-বিরাগ, শমাদি ষট্-সম্পত্তি এবং মুমুক্ষুত্ব। একমাত্র ব্রহ্মই নিত্য অন্য সবকিছু অনিত্য অর্থাৎ ব্রহ্ম সত্য ও জগৎ মিথ্যা এই জ্ঞানই নিত্য-অনিত্য-বস্তু বিবেক। ইহলোকের বা পরলোকের সুখভোগের ইচ্ছা ত্যাগের নাম ইহমুত্র-ফলভোগ-বিরাগ। শম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা ও সমাধান এই ছয় প্রকার সম্পত্তিকে ষট্-সম্পত্তি বলে। মন প্রতি মূহুর্তে বিষয়-ভোগ করতে চায়। এই মন বড় অস্থির। এই অস্থির মনকে নিয়ন্ত্রন করে ব্রহ্মে স্থির করাকে শম বলে। দশ ইন্দ্রিয়কে দমন করাই দম। দমন করা বলতে ইন্দ্রিয়গুলোকে নিজ নিজ স্থানে স্থির রাখা বোঝায়। ইন্দ্রিয়গুলোকে দমন করা হলে এরা বাহ্যিক বিষয়ের প্রতি আসক্ত হতে পারে না। তবে ইন্দ্রিয়গুলো দমন করার পরও বাহ্য-বিষয়ের দিকে যেতে চায়। তাই ইন্দ্রিয়গুলোকে আত্মা বা ব্রহ্মের বিষয় ছেড়ে পুনরায় বাহ্য-বিষয়মুখী না করতে দেয়াকে উপরতি বলে। কোন রকম চিন্তা-ভাবনা বা বিলাপ না করে সব রকমের দুঃখ সহ্য করে যাওয়াকে তিতিক্ষা বলে। শাস্ত্রে ও গুরুবাক্যে বিশ্বাস করার নাম শ্রদ্ধা। সব সময় বুদ্ধিকে শুদ্ধ ব্রহ্মে স্থাপন করার নাম সমাধান। চতুর্থ সাধনা মুমুক্ষুত্ব অর্থ মুক্তি লাভের ইচ্ছা। মুক্তিলাভই জ্ঞানযোগীর চরম পুরুষার্থ।

জ্ঞান যোগ : শ্রবণ, মনন ও নিদিধ্যাসন

ব্রহ্মের স্বরূপ উপলব্ধি না হওয়া পর্যন্ত শ্রবণ, মনন, নিদিধ্যাসন ও সমাধি অনুষ্ঠানের প্রয়োজন আছে। বেদান্ত-শাস্ত্রের মূলকথা হল— ব্রহ্ম এক ও অদ্বিতীয়। উপক্রম-উপসংহার, অভ্যাস, অপূর্বতা, ফল, অর্থবাদ ও উপপত্তি এই ছয় প্রকার লিঙ্গ (পরিচায়ক প্রমাণ) দ্বারা বেদান্তের তাৎপর্য উপলব্ধি করার নাম শ্রবণ। কোন বস্তু সম্পর্কে বর্ণনার সময় উপক্রমে (শুরুতে) এবং উপসংহারে (শেষে) ঐ একই বস্তু বোঝানোকে উপক্রম-উপসংহার বলে। যেমন— ব্রহ্ম সম্পর্কে আলোচনার সময় শুরুতে ব্রহ্ম এক ও অদ্বিতীয় এই সম্পর্কে আলোচনা করা হলে শেষেও ঐ একই বিষয় সম্পর্কে আলোচনা করতে হয়। মোট কথা কোন বস্তু বিষয়ে বর্ণনার শুরুতে যে বস্তু থাকে শেষেও ঐ বস্তু থাকতে হয়। কোন বস্তু সম্পর্কে আলোচনার সময় ঐ বস্তুকেই পুনঃপুনঃ বর্ণনা করার নাম অভ্যাস। অন্য কোন প্রমাণের দ্বারা শাস্ত্রে বর্ণিত কোন বস্তুকে বুঝতে না পারার নাম অপূর্বতা। যেমন— ব্রহ্ম এক ও অদ্বিতীয় এই কথাটি অন্য কোন প্রমাণের দ্বারা বোঝানো যায় না এবং অন্য কোন প্রমাণের প্রয়োজনও হয় না। কোন বর্ণনীয় বস্তুর প্রয়োজনীয়তা শ্রবণের নাম ফল। যেমন— মুক্তি পেতে হলে ব্রহ্মকে জানা প্রয়োজন এমন বিষয় শ্রবণ করার নাম ফল। প্রতিপাদ্য বস্তুর প্রশংসা করাকে অর্থবাদ বলে। যেমন— প্রতিপাদ্য বা বর্ণনীয় বিষয় যদি ব্রহ্ম হয় তবে ব্রহ্মের প্রশংসাই অর্থবাদ। প্রতিপাদ্য বিষয়কে বোঝানোর জন্য যে যুক্তি স্থাপন করা হয়, তাই উপপত্তি বলে। যেমন— ‘ব্রহ্ম অদ্বিতীয়’ এই কথাটা প্রমাণের জন্য যে যুক্তি, তাই উপপত্তি। বেদান্তের পক্ষে যুক্তি প্রয়োগ করে যে অদ্বিতীয় ব্রহ্মের কথা শ্রবণ করা হয়েছে তা চিন্তা করার নাম মনন। বৈষায়িক চিন্তা পরিহার করে একমাত্র ব্রহ্মের চিন্তা বা ধ্যান করকে নিদিধ্যাসন বলে। ব্রহ্ম নিরাকার হলেও জ্ঞানযোগীরা ব্রহ্মকে জ্যোতির্ময় রূপ কল্পনা করেন এবং ব্রহ্মকে জ্যোতি রূপে ধ্যান করেন। নিদিধ্যাসনের পর সমাধি স্তরে উপনীত হতে হয়। সকল বিষয়বস্তু পরিত্যাগ করে যার ধ্যান করা হয় সে বস্তুতে চিত্তকে লয় করাই হল সমাধি।

জ্ঞান যোগ ও অপরোক্ষানুভূতি

অপরোক্ষানুভূতি না আসলে সমাধি স্তরে পৌছানো অসম্ভব। অপরোক্ষ অর্থ পরোক্ষ নয় অর্থাৎ ব্রহ্ম ও জগতে ভেদ নেই এ রকম যে অনুভূতি তাই অপরোক্ষ অনুভূতি। জগতের সকল বিষয় বাসনা নেতি নেতি (না না) বলে মন থেকে দূর করে ‘আমিই ব্রহ্ম’ এরকম চিন্তার ফলে অপরোক্ষানুভূতি আসে। অপরোক্ষানুভূতি আসলে যোগী সর্বভূতে ব্রহ্মকে দর্শন করেন। তখন তাঁর মধ্যে সাম্যভাব বিরাজ করে। তিনি শীত-গ্রীষ্ম, হাসি-কান্না, সুখ-দুঃখ, পাপ-পুণ্য প্রভৃতি সব দ্বন্দ্বার্থক বিষয়ে সমদর্শী হন। অর্থাৎ তখন তিনি দুঃখে কাতর হন না আবার সুখেও উল্লাসিত হন না। তিনি ব্রাহ্মণ, চণ্ডাল, কুকুর, গাভী থেকে কীট-পতঙ্গ সকল কিছুকে সমান জ্ঞান করেন। জ্ঞানযোগীর এ চূড়ান্ত অবস্থাকে জীবন্মুক্তিও বলে। জ্ঞানযোগী মনে করেন মায়ার কারণেই তাঁকে দেহধারণ করতে হয়েছে। মায়াই দুঃখের কারণ। তাই এই মায়ার আবরণ দূর করে ব্রহ্মের সাথে লীন হয়ে যেতে পারলে আর এ মায়ার জগতে দেহধারণ করে দুখ পেতে হয় না। জ্ঞানীর নিকট মুক্তি বলতে স্থুলদেহ ত্যাগ করার পর ব্রহ্মের সাথে লীন হওয়া বোঝায়।

জ্ঞান যোগ সংক্রান্ত পিডিএফ বই “জ্ঞান যোগ” পড়তে বা ডাউনলোড করতে নিচের DOWNLOAD বাটনে ক্লিক করুন

 জ্ঞান যোগ সংক্রান্ত ভিডিও দেখতে নিচের ছবিতে ক্লিক করুন







এই ওয়েবসােইটের সকল ধর্মীয় পোস্ট  পড়ার জন্য এই <পোস্ট দেখুন> অংশে ক্লিক করুন

আরও পড়ুন


কর্মযোগ

কর্মযোগ

প্রাচীনকাল থেকেই হিন্দুধর্মে দুইটি মার্গ বা পথ প্রচলিত আছে, যথা— প্রবৃত্তি ও নিবৃত্তি মার্গ। কর্মে প্রবৃত্ত হয়ে ঈশ্বর সাধনাই প্রবৃত্তি মার্গ। যেমন— বৈদিক যাগ-যজ্ঞ, পূজা, আশ্রম, সংস্কার প্রভৃতি প্রবৃত্তি মার্গের অন্তর্গত। নিবৃত্তি মার্গ বলতে বহির্মুখী ইন্দ্রিয়কে নিবৃত্ত করে ঈশ্বরে মন স্থাপন করা বেঝায়। সহজ কথায় প্রবৃত্ত মার্গ হল সৎকর্মে প্রবৃত্ত হওয়া এবং নিবৃত্তি মার্গ হল অসৎ কর্ম হতে নিবৃত্ত হওয়া। এই প্রবৃত্তি ও নিবৃত্তি মার্গকে আশ্রয় করেই কর্ম, জ্ঞান ও ভক্তি যোগের সৃষ্টি হয়েছে। নিচে কর্ম যোগের বর্ণনা করা হল।

কর্মযোগ কি

ঈশ্বরের প্রতি মনকে যুক্ত করার পন্থাই যোগ। আর কর্মের মাধ্যমে ঈশ্বরে মনোনিবেশ করাই কর্মযোগ।

কর্মযোগ কত প্রকার

  শাস্ত্রের অনুসারে কর্ম প্রধানত দুই প্রকার, যথা— শ্রৌত-কর্ম ও স্মার্ত-কর্ম। শ্রুতি বা বেদকে আশ্রয় করে যে কর্ম তাকে শ্রৌত-কর্ম এবং স্মৃতি-শাস্ত্রকে আশ্রয় করে যে কর্ম তাকে স্মার্ত-কর্ম বলে। শ্রৌত-কর্ম বলতে মূলত যাগ-যজ্ঞ বোঝায় আর স্মার্ত-কর্ম বলতে আশ্রম, সংস্কার, ব্রত, প্রায়শ্চিত্ত, দান প্রভৃতি বোঝায়। আবার অন্যভাবে কর্মযোগকে দুই ভাগে ভাগ করা যায়, যথা— নিষ্কাম কর্ম ও সকাম কর্ম। কামনা-বসনাশূন্য কর্মকে নিষ্কাম কর্ম আর কামনা-বাসনাযুক্ত কর্মকে সকাম কর্ম বলে। সকাম কর্মে বন্ধন হয় কিন্তু নিষ্কাম কর্মে কোন বন্ধন হয় না। তাই মুক্তিলাভের জন্য অবশ্যই নিষ্কাম কর্ম করতে হবে।

কর্মযোগের লক্ষণ

    কর্মযোগীর লক্ষণ তিনটি, যথা— ফলাকাঙ্ক্ষা বর্জন, কতৃর্ত্বাভিমান ত্যাগ এবং ঈশ্বরে সর্বকর্ম সমার্পণ। কর্ম করে যেতে হবে কিন্তু কর্মফলের আশা করা যাবে না। মনে করতে হবে সব কর্ম ঈশ্বরের এবং ঈশ্বরই মানুষকে দিয়ে কর্ম করিয়ে নিচ্ছেন। আমি করছি, আমার কর্ম এরকম অহংকার বর্জন করাকে কর্তৃত্বাভিমান ত্যাগ বলে। সর্বকর্ম ঈশ্বরে সমার্পণ করতে পারলেই প্রকৃত কর্মযোগী হওয়া যাবে।

কর্মযোগ

গীতায় কর্মযোগ

    গীতায় তামসিক, রাজসিক ও সাত্ত্বিক এই তিন প্রকার কর্মের কথা বলে হয়েছে। ফল কি হবে, নিজের সামর্থ্য কতটুকু প্রাণিহিংসাদি পাপ হবে কিনা, পরিণামে কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এসব বিচার না করে মোহবশত যে কর্ম আরম্ভ করা হয়, তা তামসিক কর্ম বলে কথিত। ফল-কামনা করে অথবা অহঙ্কার সহকারে বহু আয়াস স্বীকার করে আড়ম্বরের সাথে যে কর্ম করা হয় তাকে রাজসিক কর্ম বলে। কিন্তু ফল-কামনা পরিত্যাগ করে, হিংসা-ক্রোধ বর্জন করে অনাসক্ত হয়ে যে কর্ম করা হয় তাকে সাত্ত্বিক কর্ম বলে। তিনটি কর্মের মধ্যে সাত্ত্বিক কর্মই শ্রেষ্ঠ এবং এই সাত্ত্বিক কর্ম মূলত নিষ্কাম।

বেদান্তে কর্মযোগ

    বেদান্তসার গ্রন্থে কাম্য, নিষিদ্ধ, নিত্য, নৈমিত্তিক, প্রায়শ্চিত্ত প্রভৃতি কর্মের উল্লেখ আছে। স্বর্গ ও অন্যান্য সুখলাভের আশায় যে কর্ম করা হয় তাকে কাম্য কর্ম বলে, যেমন— জ্যোতিষ্টোম, সোম-যাগ ইত্যাদি। যেসব কর্ম করলে নরকবাস হয় তাকে নিষিদ্ধ কর্ম বলে, যেমন— ব্রহ্মহত্যা, হরণ করা প্রভৃতি। যে সকল কর্ম কোন কিছুর নিমিত্তে বা উপলক্ষে করা হয় তাকে নৈমিত্তিক কর্ম বলে, যেমন— উপনয়নাদি সংস্কার, গ্রহণ উপলক্ষে স্নান, পুত্র জন্মালে দ্বাদশকপাল, বৈশ্বানর যজ্ঞ করা প্রভৃতি। যে সকল কর্ম কেবল পাপ ক্ষয়ের জন্য করা হয় তাকে প্রায়শ্চিত্ত কর্ম বলে, যেমন— চান্দ্রায়ণ, চৌর প্রায়শ্চিত্ত, পতিত-সংসর্গ প্রায়শ্চিত্ত প্রভৃতি।

    কর্ম ছাড়া কেউই বাঁচতে পারে না। তাই কর্মযোগীকে নিষ্কাম ও সৎকর্ম করে যেতে হবে। কর্ম করতে করতে একদিন তার ঈশ্বরের প্রতি তীব্র ভক্তি জন্মাবে। তখন সংসারের সব অনিত্য কর্ম ত্যাগ করে তিনি শুধু ঈশ্বরের কর্মই করবেন এবং তাতেই তার একদিন মুক্তি লাভ হবে।

(আমা কর্তৃক লিখিত “হিন্দুধর্মের সারকথা” পুস্তক থেকে সঙ্কলিত)

কর্মযোগ সংক্রান্ত পিডিএফ বই “কর্মযোগ” পড়তে বা ডাউনলোড করতে নিচের DOWNLOAD বাটনে ক্লিক করুন

কর্মযোগ সংক্রান্ত ভিডিও দেখতে নিচের ছবিতে ক্লিক করুন












এই ওয়েবসােইটের সকল ধর্মীয় পোস্ট  পড়ার জন্য এই <পোস্ট দেখুন> অংশে ক্লিক করুন

আরও পড়ুন

অষ্টাঙ্গ যোগ
হিন্দুদের চতুরাশ্রম 
পূজা পদ্ধতি
ঈশ্বরতত্ত্ব 
বৈদিক যজ্ঞ 
রামায়ণের কাহিনী 
মহাভারতের কাহিনী 
অদ্বৈতবাদ ও দ্বৈতবাদ 
মহাপুরাণ 
হিন্দুধর্মে নিষিদ্ধ খাদ্য ও ভোজনবিধি 
দেবী দুর্গার স্বরূপ 
হিন্দুধর্মে সৃষ্টিতত্ত্ব 
হিন্দুদের ধর্মশাস্ত্র 
নবপত্রিকা ও কলাবৌ 
হিন্দু দেবতা 
সৌর ও গাণপত্য 
গীতা, চণ্ডী ও মনুসংহিতা 
উপনিষদ বা বেদান্ত 
শারদীয় দুর্গাপূজা ও নবরাত্রি



১৮ জানুয়ারি, ২০২২

হিন্দুদের বর্ণ প্রথা

হিন্দুদের বর্ণ প্রথা বা চতুর্বর্ণ 

হিন্দুদের বর্ণ প্রথা বা চতুর্বর্ণ বিশেষ অর্থ বহন করে। হিন্দু-সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চার প্রকার বর্ণ প্রচলিত আছে। মূলত গুণ ও কর্ম অনুসারে চার প্রকার বর্ণ সৃষ্টি হয়েছে। গীতার চতুর্থ অধ্যায়ের ১৩ নং শ্লোকে আছে— “চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ। তস্য কর্তরমপি মাং বিদ্ধ্যকর্তারমব্যয়ম্।।” অর্থাৎ গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চতুর্বর্ণ সৃষ্টি করেছি কিন্তু আমি এসবের সৃষ্টিকর্তা হলেও আমাকে অকর্তা ও বিকার-রহিত  বলে  জেনো। গীতার উক্ত শ্লোকে একটি কথা স্পষ্ট যে, জন্ম অনুসারে নয় শুধুমাত্র গুণ ও কর্মের ভিত্তিতে চতুর্বর্ণ সৃষ্টি হয়েছে। তাই ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ হওয়া যায় না, ব্রাহ্মণের গুণ অর্জন করার পর ব্রাহ্মণ হওয়া যায়। শূদ্রকুলে জন্ম নিয়ে যদি কেউ ব্রাহ্মণের গুণ অর্জন করতে পারেন, তবে তিনি ব্রাহ্মণ বলেই খ্যাত হবেন। আবার ব্রাহ্মণের সন্তান হয়ে যদি কেউ শূদ্রের মত আচরণ করেন তবে, তিনি শূদ্র বলেই খ্যাত হবেন। মহাভারতের বন পর্বে সর্পরূপী নহুষ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন, ব্রাহ্মণ কে? উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন— সত্য, দান, ক্ষমা, সচ্চরিত্র, অহিংসা, তপস্যা ও দয়া যার আছে তিনিই ব্রাহ্মণ। তারপর সর্প আবার বললেন— শূদ্রদের মধ্যেও তো ঐসব গুণ থাকতে পারে। তখন যুধিষ্ঠির বললেন— যে শূদ্রে ঐসব গুণ থাকে তিনি শূদ্র নন, ব্রাহ্মণ আবার যে ব্রাহ্মণে ঐসব গুণ থাকে না তিনি ব্রাহ্মণ নন, তাকে শূদ্র বলাই শ্রেয়। 

বর্ণভেদ

মহাভারতে আছে, “চণ্ডলেহপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তিপরায়ণ। হরিভক্তিহীনশ্চদ্বিজ্যেহপি শ্বপচাধমঃ।।” অর্থাৎ নীচকুলে জন্মালেও যদি হরিভক্তিপরায়ণ হয় তবে চণ্ডালও ঈশ্বর-ধ্যানপরায়ণ মুনি-ঋষিদের থেকেও শ্রেষ্ঠত্ব অর্জন করেন। পরন্তু ব্রাহ্মণ হরিভক্তিশূন্য হলে চণ্ডালেরও অধম রূপে পরিগণিত হয়। নীচ-কুলে জন্মগ্রহণ করেও অনেক ব্যক্তি ব্রহ্মজ্ঞানী হয়েছেন। ব্যাসদেব ছিলেন জারজ সন্তান। এক মৎস্যজীবীর গৃহে পালিতা মৎস্যগন্ধা নামক এক কুমারী পাটনীর গর্ভে ব্যাসদেবের জন্ম হয়েছিল। অথচ ব্যাসদেবের মত ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ কজন আছে? ভগবান শ্রীকৃষ্ণ ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করলেও পালিত হন নন্দগোপ নামক এক বৈশ্যের ঘরে। মহাভারতে বিদুর দাসীপুত্র হয়েও ব্রহ্মজ্ঞানী হয়েছিলেন। ঋক্-বেদের ১০ম মণ্ডলের ৩০ থেকে ৩৪ পর্যন্ত সূক্তের রচয়িতা কবশ ঋষি ছিলেন দাসীপুত্র। ঋক্-বেদের ঋষি কক্ষীবান্ও ছিলেন দাসীপুত্র। রামায়ণের অন্ধমুনি বৈশ্য কুলে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তপস্যার দ্বারা ব্রাহ্মণ হয়েছেন। বিশ্বামিত্র ঋষি ক্ষত্রিয় হলেও তপস্যার দ্বারা ব্রাহ্মণত্ব লাভ করেছেন। তাই জন্ম নয় কর্মই নির্ধারণ করবে তিনি কোন বর্ণের অধিকারী। 

বর্তমান হিন্দুসমাজে প্রচলিত জাতিভেদ বৈদিক যুগে ছিল না। ঋক্-বেদের ৯ম মণ্ডলের ১১২ নং সূক্তের ৩য় ঋকে আছে— “কারুরহং ততো ভিষস্তপলপ্রক্ষিণী নানা।” অর্থাৎ আমি স্তোত্রকার (ব্রাহ্মণ), পুত্র চিকিৎসক ও কন্যা প্রস্তরের উপর যব ভঞ্জন-কারিণী। শিশু ঋষি নিজে ব্রাহ্মণ, ছেলে চিকিৎসক ও মেয়ে যব ভাঙ্গার কাজে নিয়োজিত ছিল। অর্থাৎ একই পরিবারে ব্রাহ্মণ, বৈশ্য ও শুদ্র বাস করত। ব্রাহ্মণের পুত্র-কন্যা ব্রাহ্মণ হবে সে ধারণা বৈদিক যুগে ছিল না। কিন্তু বর্তমান যুগে আমরা দেখি যে, ব্রাহ্মণের ছেলে অন্য পেশায় নিয়োজিত থাকলেও তিনি ব্রাহ্মণ বলেই গণ্য হন। অন্যান্য জাতির ক্ষেত্রেও তা পরিলক্ষিত হয়। কিন্তু এটা বেদ দ্বারা সমর্থিত নয়। প্রকৃতপক্ষে জাত সৃষ্টি হয় গুণ ও কর্ম অনুসারে, বংশ অনুসারে নয়। নিচে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের বৈশিষ্ট্য আলোচনা করা হল।

ব্রাহ্মণ

‘ব্রহ্মণ’ শব্দ থেকে ব্রাহ্মণ শব্দের উৎপত্তি। ‘ব্রহ্মণ’ শব্দের অর্থ মন্ত্র। সুতরাং যিনি মন্ত্র উচ্চারণপূর্বক যজ্ঞ বা পূজা করেন, তিনিই ব্রাহ্মণ। ব্রাহ্মণের অন্য অর্থও আছে— “ব্রহ্ম জানাতি যঃ স ব্রাহ্মণ” অর্থাৎ যিনি ব্রহ্মকে জেনেছেন তিনিই ব্রাহ্মণ। ব্রাহ্মণকে বিপ্র, ঋত্বিক, পুরোহিত, দ্বিজ প্রভৃতিও বলা হয়। ‘ঋত্বিক’ শব্দটিকে বিশ্লেষণ করলে হয় ঋতু-যজ + ক্বিপ। অর্থাৎ যিনি ঋতু অনুসারে যজ্ঞ করেন, তিনিই ঋত্বিক। “পুরোহিত” শব্দটিকে বিশ্লেষণ করলে হয় পুরস + হিত। ‘পুরস’ অর্থ অগ্রে এবং ‘হিত’ অর্থ সম্মানিত বা প্রিয়। সুতরাং যিনি সবার আগে সম্মানিত হন বা যিনি সকলের প্রিয়, তিনিই পুরোহিত। প্রাচীনকালে পুরোহিতই ছিলেন যাগ-যজ্ঞের প্রধান এবং তিনিই সব থেকে বেশি সম্মানিত হতেন। ঋগ্বেদীয় পুরোহিতের নাম হোতা, সামবেদীয় পুরোহিতের নাম উদগাতা, যজুর্বেদীয় পুরোহিতের নাম অধ্বযুর্ এবং ত্রিবেদীয় পুরোহিতের নাম ব্রহ্মা। বলা হয়ে থাকে যে, ব্রাহ্মণের দুইবার জন্ম। একবার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর এবং আরেকবার উপনয়ন সংস্কারের পর। দুবার জন্ম হয়েছে বলে ব্রাহ্মণদের দ্বিজ বলা হয়।

এখন ব্রাহ্মণদের গুণ-কর্ম সম্পর্কে আলোচনা করা যাক। ব্রাহ্মণদের অবশ্যই সত্ত্বগুণ সম্পন্ন হতে হবে। গীতায় ব্রাহ্মণের নয়টি গুণের কথা বলা হয়েছে।

শমো দমস্তপঃ শৌচং ক্ষান্তিরার্জবমেব চ।

জ্ঞানং বিজ্ঞানমাস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম্।। (১৮/৪২)                                                       

অর্থাৎ শম (মনোসংযম), দম (ইন্দ্রিয়-সংযম), তপস্যা, শৌচ (পবিত্রতা), সরলতা, জ্ঞান, বিজ্ঞান (আত্মতত্ত্ব অনুভব) ও আস্তিক্য (ঈশ্বরে বিশ্বাস) । ব্রহ্মণগণ এই নয়টি গুণের অধিকারী বলে উপনয়ন সংস্কারের পর নয়গুণ বিশিষ্ট যজ্ঞ-উপবীত বা পৈতা ধারণ করেন। মনুসংহিতা অনুসারে যজন (যজ্ঞ করা), যাজন (পুরোহিত হয়ে যজমানের যজ্ঞ করানো), অধ্যয়ন, অধ্যাপনা, দান ও প্রতিপ্রহ (না চেয়ে দান গ্রহণ) এই কয়টি ব্রাহ্মণের কর্ম। 

বাঙ্গালী ব্রাহ্মণগণ ভট্টাচার্য, চক্রবর্তী, মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চট্টপাধ্যায় প্রভৃতি উপাধী ব্যবহার করে থাকেন। এসব উপাধীসমূহ মধ্যযুগে প্রদান করা হয়েছিল। এসব উপাধীসমূহ বিশেষ অর্থ বহন করে। ভট্ট বা ভাট বলতে ন্যায়, মীমাংসা প্রভৃতি দর্শন শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি বোঝায়। সুতরাং ভট্টাচার্য অর্থ ভট্ট যে আচার্য অর্থাৎ যে আচার্য বা অধ্যাপক পণ্ডিত (শাস্ত্রজ্ঞ), তিনিই ভট্টাচার্য। যিনি চক্রে (দেশসমূহে) বর্তেন (প্রভূ রূপে থাকেন) তিনিই চক্রবর্তী। অর্থাৎ বহুবিস্তৃত সম্রাজ্যের অধিপতি বা সম্রাটকেই চক্রবর্তী বলে। ভারত, অজুর্ন, মান্ধাতা, ভগীরথ, যুধিষ্ঠির, সগর ও নহুষ এই সাতজন চক্রবর্তী ছিলেন। কিন্তু ব্রাহ্মণের উপাধী চক্রবর্তী কেন? কারণ ব্রাহ্মণকেও চক্রবর্তী বা সম্রাট হতে হবে, তবে কোন ভোগ-সম্রাজ্যের সম্রাট নয়, জ্ঞান-সম্রাজ্যের সম্রাট। যে উপাধ্যায় (অধ্যাপক) মুখ্য বা প্রধান, তিনিই মুখোপাধ্যায়। বন্দনীয় বা পূজনীয় অধ্যাপককে বন্দ্যোপাধ্যায় বলে। কিন্ত যে গুণ অর্জন করলে ভট্টাচার্য, চক্রবর্তী, বন্দ্যোপাধ্যায় প্রভৃতি উপাধী গ্রহণ করা যায়, সে গুণ অর্জন না করেই অনেকে ঐসব উপাধী গ্রহণ করে থাকে যা বাঞ্ছনীয় নয়।

ক্ষত্রিয়

যারা যুদ্ধ-বিগ্রহ করে ক্ষেত্র বা রাজ্য রক্ষা করেন, তারাই ক্ষত্রিয়। গীতার অষ্টাদশ অধ্যায়ের ৪৩নং শ্লোকে বলা হয়েছে—

শৌর্যং তেজো ধৃতির্দাক্ষ্যং যুদ্ধে চাপ্যপলায়নম্।

দানমীশ্বরভাবশ্চ ক্ষাত্রং কর্ম স্বভাবজম্।।                  

অর্থাৎ শৌর্য (পরাক্রম), তেজ, ধৈর্য, কর্মদক্ষতা, যুদ্ধে পলায়ণ না করা, মক্তহস্তে দান, শাসন ক্ষমতা, যুদ্ধে পলায়ণ না করা, মুক্তহস্তে দান, শাসন ক্ষমতা এগুলো ক্ষত্রিয়ের লক্ষণ। মনুসংহিতায় উল্লেখ আছে— প্রজারক্ষণ, দান, অধ্যয়ন, বিষয়ভোগে অনাসক্তি প্রভৃতি হল ক্ষত্রিয়ের ধর্ম ক্ষত্রিয়রা রজঃগুণ সম্পন্ন হয়ে থাকেন।

বৈশ্য

যারা ব্যবসা-বাণিজ্য ও কৃষিকাজের সাথে যুক্ত তারাই বৈশ্য। গীতার অষ্টাদশ অধ্যায়ের ৪৪ নং শ্লোকে বলা হয়েছে—

কৃষিগৌরক্ষ্যবাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম্।

পরিচর্যাত্মকং কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম্।।

অর্থাৎ কৃষি, গোরক্ষা ও বাণিজ্য বৈশ্যদের এবং সেবাত্মাক কর্ম শূদ্রদের স্বভাবজাত। বৈশ্যরা রাজঃ ও তমঃ গুণ সম্পন্ন। 

শূদ্র

বদরায়ণের বেদান্তসূত্রে আছে, শূদ্র = শূক (শোক) + দ্রু (ধাবন করা) । তাই শোক যার দিকে ধেয়ে আসে, তিনিই শূদ্র। চারবর্ণের মধ্যে শূদ্রকে নিকৃষ্ট হিসেবে গণ্য করা হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য এই তিন জাতির সেবাই শূদ্রের কাজ। শূদ্রেরা তমোগুণের অধিকারী। 

বর্ণভেদ কেন? 

এই বর্ণভেদ কি মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে? প্রকৃতপক্ষে বর্ণভেদ কারো সৃষ্টি নয়। এই বর্ণভেদ স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয়েছে। বর্ণভেদ ছাড়া সমাজে জীবন ধারণ অসম্ভব। সবাই যদি শুধু যজ্ঞ-পূজা প্রভৃতি কর্ম করে তবে আহার-সন্ধান কি করে হবে? তাই জীবিকা নিবার্হ করার জন্য চারটি বর্ণই প্রয়োজন। ব্রাহ্মণদের উৎকৃষ্ট এবং শূদ্রদের নিকৃষ্ট বলা হয়ে থাকলেও প্রকৃতপক্ষে কেউই ছোট নয়। চার বর্ণের প্রত্যেকে প্রত্যেকের উপর নির্ভরশীল। ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের যজ্ঞ বা পূজা করিয়ে প্রাপ্ত দক্ষিণা দ্বারা ব্রাহ্মণের জীবিকা নির্বাহ হয়। ক্ষত্রিয়ের যজ্ঞ করার জন্য ব্রাহ্মণ প্রয়োজন, শস্য উৎপাদনের জন্য বৈশ্য প্রয়োজন এবং ক্ষৌর-কর্মাদি নানা সেবামূলক কর্মের জন্য শূদ্রের প্রয়োজন। তদ্রূপ বৈশ্য ও শূদ্র জাতিও অপর তিন জাতির প্রতি নির্ভরশীল। অতএব, এই চার জাতিরই প্রয়োজন আছে।

একজন মানুষের মধ্যেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের গুণ থাকতে পারে। ধরা যাক কোন এক বেদজ্ঞ ব্যক্তি কোন এক যজ্ঞের আয়োজন করলেন এবং যজ্ঞ উপলক্ষে তাঁর উৎপাদিত শস্য হতে আহার প্রস্তুত করে অতিথি ভোজন করাবেন বলে সিদ্ধান্ত নিলেন। এক ব্রাহ্মণ তার বাড়িতে অতিথি হয়ে আসার সময় একদল কুকুর তাকে আক্রমণ করল। তখন তিনি কুকুরদের তাড়িয়ে ব্রাহ্মণকে উদ্ধার করে বাড়িতে এনে ভোজন করালেন। তার এসব কর্মের মধ্যে চারটি গুণই প্রকাশ পেল। তিনি যখন শস্য উৎপাদন করে আহার প্রস্তুত করলেন তখন তিনি বৈশ্য, যখন কুকুর থেকে ব্রাহ্মণকে রক্ষা করলেন তখন তিনি ক্ষত্রিয়, যখন যজ্ঞ সম্পন্ন করলেন তখন তিনি ব্রাহ্মণ এবং যখন অতিথিসেবা করলেন তখন তিনি শূদ্র। সুতরাং ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র কোন পৃথক জাতি নয়।

চতুর্বর্ণ বৈষম্য সৃষ্টির জন্য নয়। যদি চতুর্বর্ণের কারণে জাতিতে-জাতিতে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে থাকে তবে সে জন্য হিন্দুধর্ম দায়ী নয়। কিছু হীনবুদ্ধি সম্পন্ন, ইর্ষাপরায়ণ ও স্বার্থন্বেষী মানুষদের জন্যই জাতিতে-জাতিতে দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টি হয়। এবং এসব মানুষ ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করলেও এরা পশুতুল্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন—

বিদ্যাবিনয়সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনি।

শুনি চৈব শ^পাকে চ পণ্ডিতাঃ সমদর্শিনঃ।। (গীতা ৫/১৮)

অর্থাৎ আত্মজ্ঞান সম্পন্ন পণ্ডিতগণ বিদ্যা-বিনয়যুক্ত ব্রাহ্মণে, চণ্ডালে, গো, হস্তী ও কুকুরে সমদর্শী হন। প্রকৃতপক্ষে সকলে প্রতি সমান ভাব প্রদর্শনই একজন আদর্শ মানুষের লক্ষ্য হওয়া উচিত। 

বর্ণ-সংকর

এবার আসা যাক বর্ণ-সংকর প্রসঙ্গে। একই বর্ণে বিবাহ অথার্ৎ ব্রাহ্মণের সাথে ব্রাহ্মণের, ক্ষত্রিয়ের সাথে ক্ষত্রিয়ের, বৈশ্যের সাথে বৈশ্যের এবং শূদ্রের সাথে শূদ্রের বিবাহ না হলে বর্ণ-সংকর সৃষ্টি হয়। যদি মাতার বর্ণ পিতার বর্ণ থেকে উচ্চতর হয় তবে তাদের সন্তান হবে পতিলোম এবং মাতার বর্ণ যদি পিতার বর্ণ থেকে নিচুতর হয় তবে তাদের সন্তান হবে অনুলোম। মনুসংহিতায় আছে, ব্রাহ্মণ পিতা ও বৈশ্যা মাতা থেকে অম্বষ্ঠ, ব্রাহ্মণ পিতা ও শূদ্রা মাতা থেকে নিষাদ বা পারশব, ক্ষত্রিয় পিতা ও শূদ্রা মাতা থেকে উগ্ন, ক্ষত্রিয় পিতা ও ব্রাহ্মণী মাতা থেকে সূত, বৈশ্য পিতা ও ক্ষত্রিয়া মাতা থেকে মাগধ, বৈশ্য পিতা ও ব্রাহ্মণী মাতা থেকে বৈদেহ, শূদ্র পিতা ও বৈশ্যা মাতা থেকে আয়োগ, শূদ্র পিতা ও ক্ষত্রিয়া মাতা থেকে ক্ষত্ত, শূদ্র পিতা ও ব্রাহ্মণী মাতা থেকে চণ্ডাল নামক বর্ণসংকরের সৃষ্টি হয়েছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যের উপনয়নের অধিকার রয়েছে। যদি কারো উপনয়ন সংস্কার না হয় তখন তাকে ব্রাত্য বলা হয়। ব্রাত্য-ব্রাহ্মণ পিতা-মাতার সন্তানরা ভূর্জকণ্টক নামে পরিচিত হয়। ব্রাত্য-ক্ষত্রিয় পিতা-মাতা হতে ঝল, মল, নিচ্ছিব, নট, করণ, খস, দ্রাবিড় প্রভৃতি জাতির উৎপত্তি। ব্রাত্য-বৈশ্য পিতা-মাতা হতে সুধম্বা, আচার্য, কারূষ, বিজন্মা, মৈত্র, সাত্বত প্রভৃতি জাতির উৎপত্তি। ধর্মপুরাণে ৪১টি সংকর জাতির উল্লেখ আছে যা উত্তম, মধ্যম ও অধম এই তিন শ্রেণীতে বিভক্ত।

উত্তম সংকর

করণ (কায়স্থ), অম্বষ্ঠ, উগ্র-ক্ষত্রিয়, মাগধ, তন্তুবায় (তাঁতী) গন্ধবণিক, নাপিত, গোপ (ঘোষ), কর্মকার, তৌলিক (সুপারী ব্যবসায়ী) কুম্ভকার (কুমার) কাংসকার, শঙ্খিক (শাঁখারু), দাস (কৃষিজীবী) বারুজীবী (বারুই), মোদক (ময়রা), মালাকার (মালী), সূত, রাজপুত্র ও তাম্বলী। 

মধ্যম সংকর

তক্ষক (সূত্রধর বা মিস্ত্রী), রজক (ধোপা), স্বর্ণকার, সুবর্ণ-বণিক, আভীর, তৈলকার, ধীবর (মৎস্যজীবী), শৌণ্ডিক (শুঁড়ি), নট, শাবাক, শেখর ও জালিক (জেলে)।

অধম সংকর

মাল-গ্রাহী, কুড়ব, চণ্ডাল, বরুড়, তক্ষ, চর্মকার (মুচী), কট্টজীবী, দোলা-বাহী ও মল।

বর্ণপ্রথা সম্পর্কিত ভিডিও




(আমা কর্তৃক লিখিত “হিন্দুধর্মের সারকথা” পুস্তক থেকে সঙ্কলিত)