7/Slider/slider-tag <center><div id='bp_recent'></div><div class='bp_footer'><small><a id='bp_recent_link' target='_blank' href='http://www.bloggerplugins.org/2011/09/recent-posts-thumbnails-blogger-widget.html?utm_src=bp_recent' style='padding: 1px 0px 0px 19px;text-decoration:none;'><a href='http://www.bloggerplugins.org/?utm_src=bp_recent' target='_blank' title='blogger widgets'></a></a></small></div> <script style='text/javascript' src='http://bloggergadgets.googlecode.com/files/recentposts_orig.js'></script> <script style='text/javascript'> var numberOfPosts = 5; var showPostDate = false; var showSummary = false; var titleLength = 0; var showCommentCount = false; var showThumbs = true; var showNoImage = true; var imgDim = 125; var imgFloat = 'left'; var myMargin = 5; var mediaThumbsOnly = true; var showReadMore = false; </script> <script src='https://hindudarshon.blogspot.com/feeds/posts/default?max-results=5&orderby=published&alt=json-in-script&callback=bprecentpostswiththumbnails'> </script></center>

পৃষ্ঠাসমূহ

ধর্মীয় সংস্কার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ধর্মীয় সংস্কার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১৮ জানুয়ারি, ২০২২

হিন্দুদের বর্ণ প্রথা

হিন্দুদের বর্ণ প্রথা বা চতুর্বর্ণ 

হিন্দুদের বর্ণ প্রথা বা চতুর্বর্ণ বিশেষ অর্থ বহন করে। হিন্দু-সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই চার প্রকার বর্ণ প্রচলিত আছে। মূলত গুণ ও কর্ম অনুসারে চার প্রকার বর্ণ সৃষ্টি হয়েছে। গীতার চতুর্থ অধ্যায়ের ১৩ নং শ্লোকে আছে— “চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ। তস্য কর্তরমপি মাং বিদ্ধ্যকর্তারমব্যয়ম্।।” অর্থাৎ গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চতুর্বর্ণ সৃষ্টি করেছি কিন্তু আমি এসবের সৃষ্টিকর্তা হলেও আমাকে অকর্তা ও বিকার-রহিত  বলে  জেনো। গীতার উক্ত শ্লোকে একটি কথা স্পষ্ট যে, জন্ম অনুসারে নয় শুধুমাত্র গুণ ও কর্মের ভিত্তিতে চতুর্বর্ণ সৃষ্টি হয়েছে। তাই ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ হওয়া যায় না, ব্রাহ্মণের গুণ অর্জন করার পর ব্রাহ্মণ হওয়া যায়। শূদ্রকুলে জন্ম নিয়ে যদি কেউ ব্রাহ্মণের গুণ অর্জন করতে পারেন, তবে তিনি ব্রাহ্মণ বলেই খ্যাত হবেন। আবার ব্রাহ্মণের সন্তান হয়ে যদি কেউ শূদ্রের মত আচরণ করেন তবে, তিনি শূদ্র বলেই খ্যাত হবেন। মহাভারতের বন পর্বে সর্পরূপী নহুষ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন, ব্রাহ্মণ কে? উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন— সত্য, দান, ক্ষমা, সচ্চরিত্র, অহিংসা, তপস্যা ও দয়া যার আছে তিনিই ব্রাহ্মণ। তারপর সর্প আবার বললেন— শূদ্রদের মধ্যেও তো ঐসব গুণ থাকতে পারে। তখন যুধিষ্ঠির বললেন— যে শূদ্রে ঐসব গুণ থাকে তিনি শূদ্র নন, ব্রাহ্মণ আবার যে ব্রাহ্মণে ঐসব গুণ থাকে না তিনি ব্রাহ্মণ নন, তাকে শূদ্র বলাই শ্রেয়। 

বর্ণভেদ

মহাভারতে আছে, “চণ্ডলেহপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তিপরায়ণ। হরিভক্তিহীনশ্চদ্বিজ্যেহপি শ্বপচাধমঃ।।” অর্থাৎ নীচকুলে জন্মালেও যদি হরিভক্তিপরায়ণ হয় তবে চণ্ডালও ঈশ্বর-ধ্যানপরায়ণ মুনি-ঋষিদের থেকেও শ্রেষ্ঠত্ব অর্জন করেন। পরন্তু ব্রাহ্মণ হরিভক্তিশূন্য হলে চণ্ডালেরও অধম রূপে পরিগণিত হয়। নীচ-কুলে জন্মগ্রহণ করেও অনেক ব্যক্তি ব্রহ্মজ্ঞানী হয়েছেন। ব্যাসদেব ছিলেন জারজ সন্তান। এক মৎস্যজীবীর গৃহে পালিতা মৎস্যগন্ধা নামক এক কুমারী পাটনীর গর্ভে ব্যাসদেবের জন্ম হয়েছিল। অথচ ব্যাসদেবের মত ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ কজন আছে? ভগবান শ্রীকৃষ্ণ ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করলেও পালিত হন নন্দগোপ নামক এক বৈশ্যের ঘরে। মহাভারতে বিদুর দাসীপুত্র হয়েও ব্রহ্মজ্ঞানী হয়েছিলেন। ঋক্-বেদের ১০ম মণ্ডলের ৩০ থেকে ৩৪ পর্যন্ত সূক্তের রচয়িতা কবশ ঋষি ছিলেন দাসীপুত্র। ঋক্-বেদের ঋষি কক্ষীবান্ও ছিলেন দাসীপুত্র। রামায়ণের অন্ধমুনি বৈশ্য কুলে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তপস্যার দ্বারা ব্রাহ্মণ হয়েছেন। বিশ্বামিত্র ঋষি ক্ষত্রিয় হলেও তপস্যার দ্বারা ব্রাহ্মণত্ব লাভ করেছেন। তাই জন্ম নয় কর্মই নির্ধারণ করবে তিনি কোন বর্ণের অধিকারী। 

বর্তমান হিন্দুসমাজে প্রচলিত জাতিভেদ বৈদিক যুগে ছিল না। ঋক্-বেদের ৯ম মণ্ডলের ১১২ নং সূক্তের ৩য় ঋকে আছে— “কারুরহং ততো ভিষস্তপলপ্রক্ষিণী নানা।” অর্থাৎ আমি স্তোত্রকার (ব্রাহ্মণ), পুত্র চিকিৎসক ও কন্যা প্রস্তরের উপর যব ভঞ্জন-কারিণী। শিশু ঋষি নিজে ব্রাহ্মণ, ছেলে চিকিৎসক ও মেয়ে যব ভাঙ্গার কাজে নিয়োজিত ছিল। অর্থাৎ একই পরিবারে ব্রাহ্মণ, বৈশ্য ও শুদ্র বাস করত। ব্রাহ্মণের পুত্র-কন্যা ব্রাহ্মণ হবে সে ধারণা বৈদিক যুগে ছিল না। কিন্তু বর্তমান যুগে আমরা দেখি যে, ব্রাহ্মণের ছেলে অন্য পেশায় নিয়োজিত থাকলেও তিনি ব্রাহ্মণ বলেই গণ্য হন। অন্যান্য জাতির ক্ষেত্রেও তা পরিলক্ষিত হয়। কিন্তু এটা বেদ দ্বারা সমর্থিত নয়। প্রকৃতপক্ষে জাত সৃষ্টি হয় গুণ ও কর্ম অনুসারে, বংশ অনুসারে নয়। নিচে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের বৈশিষ্ট্য আলোচনা করা হল।

ব্রাহ্মণ

‘ব্রহ্মণ’ শব্দ থেকে ব্রাহ্মণ শব্দের উৎপত্তি। ‘ব্রহ্মণ’ শব্দের অর্থ মন্ত্র। সুতরাং যিনি মন্ত্র উচ্চারণপূর্বক যজ্ঞ বা পূজা করেন, তিনিই ব্রাহ্মণ। ব্রাহ্মণের অন্য অর্থও আছে— “ব্রহ্ম জানাতি যঃ স ব্রাহ্মণ” অর্থাৎ যিনি ব্রহ্মকে জেনেছেন তিনিই ব্রাহ্মণ। ব্রাহ্মণকে বিপ্র, ঋত্বিক, পুরোহিত, দ্বিজ প্রভৃতিও বলা হয়। ‘ঋত্বিক’ শব্দটিকে বিশ্লেষণ করলে হয় ঋতু-যজ + ক্বিপ। অর্থাৎ যিনি ঋতু অনুসারে যজ্ঞ করেন, তিনিই ঋত্বিক। “পুরোহিত” শব্দটিকে বিশ্লেষণ করলে হয় পুরস + হিত। ‘পুরস’ অর্থ অগ্রে এবং ‘হিত’ অর্থ সম্মানিত বা প্রিয়। সুতরাং যিনি সবার আগে সম্মানিত হন বা যিনি সকলের প্রিয়, তিনিই পুরোহিত। প্রাচীনকালে পুরোহিতই ছিলেন যাগ-যজ্ঞের প্রধান এবং তিনিই সব থেকে বেশি সম্মানিত হতেন। ঋগ্বেদীয় পুরোহিতের নাম হোতা, সামবেদীয় পুরোহিতের নাম উদগাতা, যজুর্বেদীয় পুরোহিতের নাম অধ্বযুর্ এবং ত্রিবেদীয় পুরোহিতের নাম ব্রহ্মা। বলা হয়ে থাকে যে, ব্রাহ্মণের দুইবার জন্ম। একবার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর এবং আরেকবার উপনয়ন সংস্কারের পর। দুবার জন্ম হয়েছে বলে ব্রাহ্মণদের দ্বিজ বলা হয়।

এখন ব্রাহ্মণদের গুণ-কর্ম সম্পর্কে আলোচনা করা যাক। ব্রাহ্মণদের অবশ্যই সত্ত্বগুণ সম্পন্ন হতে হবে। গীতায় ব্রাহ্মণের নয়টি গুণের কথা বলা হয়েছে।

শমো দমস্তপঃ শৌচং ক্ষান্তিরার্জবমেব চ।

জ্ঞানং বিজ্ঞানমাস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম্।। (১৮/৪২)                                                       

অর্থাৎ শম (মনোসংযম), দম (ইন্দ্রিয়-সংযম), তপস্যা, শৌচ (পবিত্রতা), সরলতা, জ্ঞান, বিজ্ঞান (আত্মতত্ত্ব অনুভব) ও আস্তিক্য (ঈশ্বরে বিশ্বাস) । ব্রহ্মণগণ এই নয়টি গুণের অধিকারী বলে উপনয়ন সংস্কারের পর নয়গুণ বিশিষ্ট যজ্ঞ-উপবীত বা পৈতা ধারণ করেন। মনুসংহিতা অনুসারে যজন (যজ্ঞ করা), যাজন (পুরোহিত হয়ে যজমানের যজ্ঞ করানো), অধ্যয়ন, অধ্যাপনা, দান ও প্রতিপ্রহ (না চেয়ে দান গ্রহণ) এই কয়টি ব্রাহ্মণের কর্ম। 

বাঙ্গালী ব্রাহ্মণগণ ভট্টাচার্য, চক্রবর্তী, মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চট্টপাধ্যায় প্রভৃতি উপাধী ব্যবহার করে থাকেন। এসব উপাধীসমূহ মধ্যযুগে প্রদান করা হয়েছিল। এসব উপাধীসমূহ বিশেষ অর্থ বহন করে। ভট্ট বা ভাট বলতে ন্যায়, মীমাংসা প্রভৃতি দর্শন শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি বোঝায়। সুতরাং ভট্টাচার্য অর্থ ভট্ট যে আচার্য অর্থাৎ যে আচার্য বা অধ্যাপক পণ্ডিত (শাস্ত্রজ্ঞ), তিনিই ভট্টাচার্য। যিনি চক্রে (দেশসমূহে) বর্তেন (প্রভূ রূপে থাকেন) তিনিই চক্রবর্তী। অর্থাৎ বহুবিস্তৃত সম্রাজ্যের অধিপতি বা সম্রাটকেই চক্রবর্তী বলে। ভারত, অজুর্ন, মান্ধাতা, ভগীরথ, যুধিষ্ঠির, সগর ও নহুষ এই সাতজন চক্রবর্তী ছিলেন। কিন্তু ব্রাহ্মণের উপাধী চক্রবর্তী কেন? কারণ ব্রাহ্মণকেও চক্রবর্তী বা সম্রাট হতে হবে, তবে কোন ভোগ-সম্রাজ্যের সম্রাট নয়, জ্ঞান-সম্রাজ্যের সম্রাট। যে উপাধ্যায় (অধ্যাপক) মুখ্য বা প্রধান, তিনিই মুখোপাধ্যায়। বন্দনীয় বা পূজনীয় অধ্যাপককে বন্দ্যোপাধ্যায় বলে। কিন্ত যে গুণ অর্জন করলে ভট্টাচার্য, চক্রবর্তী, বন্দ্যোপাধ্যায় প্রভৃতি উপাধী গ্রহণ করা যায়, সে গুণ অর্জন না করেই অনেকে ঐসব উপাধী গ্রহণ করে থাকে যা বাঞ্ছনীয় নয়।

ক্ষত্রিয়

যারা যুদ্ধ-বিগ্রহ করে ক্ষেত্র বা রাজ্য রক্ষা করেন, তারাই ক্ষত্রিয়। গীতার অষ্টাদশ অধ্যায়ের ৪৩নং শ্লোকে বলা হয়েছে—

শৌর্যং তেজো ধৃতির্দাক্ষ্যং যুদ্ধে চাপ্যপলায়নম্।

দানমীশ্বরভাবশ্চ ক্ষাত্রং কর্ম স্বভাবজম্।।                  

অর্থাৎ শৌর্য (পরাক্রম), তেজ, ধৈর্য, কর্মদক্ষতা, যুদ্ধে পলায়ণ না করা, মক্তহস্তে দান, শাসন ক্ষমতা, যুদ্ধে পলায়ণ না করা, মুক্তহস্তে দান, শাসন ক্ষমতা এগুলো ক্ষত্রিয়ের লক্ষণ। মনুসংহিতায় উল্লেখ আছে— প্রজারক্ষণ, দান, অধ্যয়ন, বিষয়ভোগে অনাসক্তি প্রভৃতি হল ক্ষত্রিয়ের ধর্ম ক্ষত্রিয়রা রজঃগুণ সম্পন্ন হয়ে থাকেন।

বৈশ্য

যারা ব্যবসা-বাণিজ্য ও কৃষিকাজের সাথে যুক্ত তারাই বৈশ্য। গীতার অষ্টাদশ অধ্যায়ের ৪৪ নং শ্লোকে বলা হয়েছে—

কৃষিগৌরক্ষ্যবাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম্।

পরিচর্যাত্মকং কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম্।।

অর্থাৎ কৃষি, গোরক্ষা ও বাণিজ্য বৈশ্যদের এবং সেবাত্মাক কর্ম শূদ্রদের স্বভাবজাত। বৈশ্যরা রাজঃ ও তমঃ গুণ সম্পন্ন। 

শূদ্র

বদরায়ণের বেদান্তসূত্রে আছে, শূদ্র = শূক (শোক) + দ্রু (ধাবন করা) । তাই শোক যার দিকে ধেয়ে আসে, তিনিই শূদ্র। চারবর্ণের মধ্যে শূদ্রকে নিকৃষ্ট হিসেবে গণ্য করা হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য এই তিন জাতির সেবাই শূদ্রের কাজ। শূদ্রেরা তমোগুণের অধিকারী। 

বর্ণভেদ কেন? 

এই বর্ণভেদ কি মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে? প্রকৃতপক্ষে বর্ণভেদ কারো সৃষ্টি নয়। এই বর্ণভেদ স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয়েছে। বর্ণভেদ ছাড়া সমাজে জীবন ধারণ অসম্ভব। সবাই যদি শুধু যজ্ঞ-পূজা প্রভৃতি কর্ম করে তবে আহার-সন্ধান কি করে হবে? তাই জীবিকা নিবার্হ করার জন্য চারটি বর্ণই প্রয়োজন। ব্রাহ্মণদের উৎকৃষ্ট এবং শূদ্রদের নিকৃষ্ট বলা হয়ে থাকলেও প্রকৃতপক্ষে কেউই ছোট নয়। চার বর্ণের প্রত্যেকে প্রত্যেকের উপর নির্ভরশীল। ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের যজ্ঞ বা পূজা করিয়ে প্রাপ্ত দক্ষিণা দ্বারা ব্রাহ্মণের জীবিকা নির্বাহ হয়। ক্ষত্রিয়ের যজ্ঞ করার জন্য ব্রাহ্মণ প্রয়োজন, শস্য উৎপাদনের জন্য বৈশ্য প্রয়োজন এবং ক্ষৌর-কর্মাদি নানা সেবামূলক কর্মের জন্য শূদ্রের প্রয়োজন। তদ্রূপ বৈশ্য ও শূদ্র জাতিও অপর তিন জাতির প্রতি নির্ভরশীল। অতএব, এই চার জাতিরই প্রয়োজন আছে।

একজন মানুষের মধ্যেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের গুণ থাকতে পারে। ধরা যাক কোন এক বেদজ্ঞ ব্যক্তি কোন এক যজ্ঞের আয়োজন করলেন এবং যজ্ঞ উপলক্ষে তাঁর উৎপাদিত শস্য হতে আহার প্রস্তুত করে অতিথি ভোজন করাবেন বলে সিদ্ধান্ত নিলেন। এক ব্রাহ্মণ তার বাড়িতে অতিথি হয়ে আসার সময় একদল কুকুর তাকে আক্রমণ করল। তখন তিনি কুকুরদের তাড়িয়ে ব্রাহ্মণকে উদ্ধার করে বাড়িতে এনে ভোজন করালেন। তার এসব কর্মের মধ্যে চারটি গুণই প্রকাশ পেল। তিনি যখন শস্য উৎপাদন করে আহার প্রস্তুত করলেন তখন তিনি বৈশ্য, যখন কুকুর থেকে ব্রাহ্মণকে রক্ষা করলেন তখন তিনি ক্ষত্রিয়, যখন যজ্ঞ সম্পন্ন করলেন তখন তিনি ব্রাহ্মণ এবং যখন অতিথিসেবা করলেন তখন তিনি শূদ্র। সুতরাং ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র কোন পৃথক জাতি নয়।

চতুর্বর্ণ বৈষম্য সৃষ্টির জন্য নয়। যদি চতুর্বর্ণের কারণে জাতিতে-জাতিতে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে থাকে তবে সে জন্য হিন্দুধর্ম দায়ী নয়। কিছু হীনবুদ্ধি সম্পন্ন, ইর্ষাপরায়ণ ও স্বার্থন্বেষী মানুষদের জন্যই জাতিতে-জাতিতে দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টি হয়। এবং এসব মানুষ ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করলেও এরা পশুতুল্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন—

বিদ্যাবিনয়সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনি।

শুনি চৈব শ^পাকে চ পণ্ডিতাঃ সমদর্শিনঃ।। (গীতা ৫/১৮)

অর্থাৎ আত্মজ্ঞান সম্পন্ন পণ্ডিতগণ বিদ্যা-বিনয়যুক্ত ব্রাহ্মণে, চণ্ডালে, গো, হস্তী ও কুকুরে সমদর্শী হন। প্রকৃতপক্ষে সকলে প্রতি সমান ভাব প্রদর্শনই একজন আদর্শ মানুষের লক্ষ্য হওয়া উচিত। 

বর্ণ-সংকর

এবার আসা যাক বর্ণ-সংকর প্রসঙ্গে। একই বর্ণে বিবাহ অথার্ৎ ব্রাহ্মণের সাথে ব্রাহ্মণের, ক্ষত্রিয়ের সাথে ক্ষত্রিয়ের, বৈশ্যের সাথে বৈশ্যের এবং শূদ্রের সাথে শূদ্রের বিবাহ না হলে বর্ণ-সংকর সৃষ্টি হয়। যদি মাতার বর্ণ পিতার বর্ণ থেকে উচ্চতর হয় তবে তাদের সন্তান হবে পতিলোম এবং মাতার বর্ণ যদি পিতার বর্ণ থেকে নিচুতর হয় তবে তাদের সন্তান হবে অনুলোম। মনুসংহিতায় আছে, ব্রাহ্মণ পিতা ও বৈশ্যা মাতা থেকে অম্বষ্ঠ, ব্রাহ্মণ পিতা ও শূদ্রা মাতা থেকে নিষাদ বা পারশব, ক্ষত্রিয় পিতা ও শূদ্রা মাতা থেকে উগ্ন, ক্ষত্রিয় পিতা ও ব্রাহ্মণী মাতা থেকে সূত, বৈশ্য পিতা ও ক্ষত্রিয়া মাতা থেকে মাগধ, বৈশ্য পিতা ও ব্রাহ্মণী মাতা থেকে বৈদেহ, শূদ্র পিতা ও বৈশ্যা মাতা থেকে আয়োগ, শূদ্র পিতা ও ক্ষত্রিয়া মাতা থেকে ক্ষত্ত, শূদ্র পিতা ও ব্রাহ্মণী মাতা থেকে চণ্ডাল নামক বর্ণসংকরের সৃষ্টি হয়েছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যের উপনয়নের অধিকার রয়েছে। যদি কারো উপনয়ন সংস্কার না হয় তখন তাকে ব্রাত্য বলা হয়। ব্রাত্য-ব্রাহ্মণ পিতা-মাতার সন্তানরা ভূর্জকণ্টক নামে পরিচিত হয়। ব্রাত্য-ক্ষত্রিয় পিতা-মাতা হতে ঝল, মল, নিচ্ছিব, নট, করণ, খস, দ্রাবিড় প্রভৃতি জাতির উৎপত্তি। ব্রাত্য-বৈশ্য পিতা-মাতা হতে সুধম্বা, আচার্য, কারূষ, বিজন্মা, মৈত্র, সাত্বত প্রভৃতি জাতির উৎপত্তি। ধর্মপুরাণে ৪১টি সংকর জাতির উল্লেখ আছে যা উত্তম, মধ্যম ও অধম এই তিন শ্রেণীতে বিভক্ত।

উত্তম সংকর

করণ (কায়স্থ), অম্বষ্ঠ, উগ্র-ক্ষত্রিয়, মাগধ, তন্তুবায় (তাঁতী) গন্ধবণিক, নাপিত, গোপ (ঘোষ), কর্মকার, তৌলিক (সুপারী ব্যবসায়ী) কুম্ভকার (কুমার) কাংসকার, শঙ্খিক (শাঁখারু), দাস (কৃষিজীবী) বারুজীবী (বারুই), মোদক (ময়রা), মালাকার (মালী), সূত, রাজপুত্র ও তাম্বলী। 

মধ্যম সংকর

তক্ষক (সূত্রধর বা মিস্ত্রী), রজক (ধোপা), স্বর্ণকার, সুবর্ণ-বণিক, আভীর, তৈলকার, ধীবর (মৎস্যজীবী), শৌণ্ডিক (শুঁড়ি), নট, শাবাক, শেখর ও জালিক (জেলে)।

অধম সংকর

মাল-গ্রাহী, কুড়ব, চণ্ডাল, বরুড়, তক্ষ, চর্মকার (মুচী), কট্টজীবী, দোলা-বাহী ও মল।

বর্ণপ্রথা সম্পর্কিত ভিডিও




(আমা কর্তৃক লিখিত “হিন্দুধর্মের সারকথা” পুস্তক থেকে সঙ্কলিত)


১৯ ডিসেম্বর, ২০১৭

চতুরাশ্রম

চতুরাশ্রম 

ব্রহ্মসূত্রে বলা হয়েছে ‘‘বিহিতত্বচ্চাশ্রম কর্মাপি’’ অর্থাৎ আশ্রম বিহিত কর্ম সকলেরই করণীয়। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস এই চার প্রকার আশ্রমক চতুরাশ্রম বলে। ছান্দোগ্য উপনিষদের ৬২৮ নং মন্ত্রে চতুরাশ্রম প্রসঙ্গে বলা হয়েছে, ‘‘ব্রহ্মা প্রজাপতিকে, প্রজাপতি মনুকে এবং মনু মানবগণকে এই তত্ত্ব বলেছিলেন। যিনি আচার্য্যকুলে গুরুসেবা করে অবসর সময়ে যথাবিধি অধ্যয়ন করেন, তারপর গার্হস্থ্য আশ্রমে ফিরে পবিত্রস্থানে বেদ পাঠ করেন, ধার্মিক পুত্রের পিতা হন, সমস্ত ইন্দ্রিয়কে আত্মাতে সুপ্রতিষ্ঠিত করেন, তীর্থ ভিন্ন অন্যত্র হিংসা ত্যাগ করেন এবং যাবজ্জীবন এই রকম আচরণ করেন, তিনি মৃত্যুর পর ব্রহ্মলোকে যান, তাঁকে আর ফিরে আসতে হয় না’’।
চতুরাশ্রম

আশ্রম বলতে মূলত কোন আশ্রয়-স্থলকে বোঝায়, যেমন- ব্রহ্মচারীর আশ্রয় গুরুগৃহ, গৃহীর আশ্রয় গৃহ, বানপ্রস্থীর আশ্রয় বন এবং সন্ন্যাসীর আশ্রয় বন, মঠ, মন্দির বা সর্বত্র। ধর্মশাস্ত্রে সমগ্র মানব-জীবনকে চারটি সমান ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগেই রয়েছে ভিন্ন ভিন্ন দায়িত্ব-কর্তব্য। জন্মের পর থেকে পঁচিশ বছর পর্যন্ত ব্রহ্মচর্য অবলম্বন করা সকলের কর্তব্য। পঁচিশ বছর পর ব্রহ্মচর্যাশ্রম শেষে বিবাহ-পূর্বক গার্হস্থ্য আশ্রমে প্রবেশ করে পঞ্চাশ বৎসর পর্যন্ত সংসারধর্ম পালন করা আবশ্যক। তারপর পঞ্চাশ বছর পূর্ণ হলে বনে গিয়ে বানপ্রস্থ অবলম্বন এবং পঁচাত্তর বছর হতে জীবনের শেষদিন পর্যন্ত সন্ন্যাস অবলম্বন কতর্ব্য। তবে যুগের সাথে অনেক ধর্মীয় আচার, রীতি-নীতি, বিধান প্রভৃতি পরিবর্তিত হয় কিন্তু ধর্মের পরিবর্তন ঘটে না। বর্তমান যুগে বানপ্রস্থ ও সন্ন্যাস অবলম্বন করা সকলের পক্ষে সম্ভব নয়। তাই এ যুগে ব্রহ্মচর্য ও গার্হস্থ্য আশ্রম অবলম্বন করাই সকলের অবশ্য কর্তব্য কিন্তু যারা মুমুক্ষু অর্থাৎ যাদের মুক্তিলাভের তীব্র ইচ্ছা রয়েছে তাদেরকে অবশ্যই সন্ন্যাস অবলম্বন করতে হবে। নীচে চারটি আশ্রমের সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হল।

ব্রহ্মচর্য

যিনি ব্রহ্মে বিচরণ করেন, তিনিই ব্রহ্মচারী। বীর্যধারণ, গুরুগৃহে গিয়ে শিক্ষালাভ এবং গুরুসেবাই ব্রহ্মচারীর প্রধান কর্তব্য। ব্রহ্মচারীকে ঊর্ধরেতা হতে হবে। যার রেতঃ (বীর্য) ঊর্ধগামী তিনিই ঊর্ধরেতা। ব্রহ্মচারীর বীর্য নীম্নগামী করা অনুচিত। কিন্তু কেন বীর্যকে ধারণ করতে হবে? জ্ঞানসঙ্কলিনীতন্ত্রে বলা হয়েছে- ব্রহ্মচর্যই তপস্যার মধ্যে উৎকৃষ্ট। যিনি এই তপস্যায় সিদ্ধিলাভ করে ঊর্ধরেতা হয়েছেন, তিনিই মনুষরূপী দেবতা। পতঞ্জল যোগসূত্রে বলা হয়েছে, ‘‘ব্রহ্মচর্য প্রতিষ্ঠায়াং বীর্যলাভঃ’’ অর্থাৎ ব্রহ্মচর্য অবলম্বন করলে শক্তি লাভ হয়। আমাদের শরীরে রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র (বীর্য) ও ত্বক এই সাতটি ধাতু রয়েছে। রস থেকে রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে মেদ, মেদ থেকে অস্থি, অস্থি থেকে মজ্জা এবং মজ্জা থেকে শুক্র উৎপন্ন হয়। এই সপ্তধাতুর তেজই ওজঃশক্তি বা ব্রহ্মতেজ। শুক্র নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে ওজঃশক্তিও নষ্ট হয়। তাই কখনই ব্রহ্মচারীর এই ব্রহ্মতেজ ক্ষয় করা উচিত নয়।

ব্রহ্মচারীদের সূর্যোদয়ের এক ঘণ্টা পূর্বে অর্থাৎ ব্রহ্মমূর্হুতে শয্যাত্যাগ করে শুচি হয়ে জপ-ধ্যান করা বিধেয়। তাঁদের প্রাতঃকাল, মধ্যাহ্নকাল এবং সন্ধ্যাকাল এই তিন সময়ে সণান করতে হয়। তাঁদের কৃষ্ণাজিন অর্থাৎ কৃষ্ণসার মৃগের চামড়া দ্বারা নিমির্ত উত্তরীয় এবং শাণ অর্থাৎ শণনির্মিত অধোবসন পরা কর্তব্য। তাঁরা মুঞ্জা নামক এক প্রকার তৃণ নির্মিত মেখলা (কটিসূত্র অর্থাৎ কটিতে বাঁধার রজ্জু) ধারণ করেন। তিনটি গুণবিশিষ্ট মেখলা সত্ত্ব, রজঃ ও তমঃ এই ত্রিগুণকে প্রকাশ করে। তবে মুঞ্জাতৃণের অভাবে কুশ দ্বারা মেখলা প্রস্ত্তত করা যায়। তাঁরা কার্পাস সূত্র দ্বারা নির্মিত উপবীত বা পৈতা ধারণ করেন। ব্রহ্মচারীগণ কাষ্ঠ নির্মিত দণ্ড ধারণ করেন। বিল্ব, পলাশ প্রভৃতি কাষ্ঠ দ্বারা ব্রহ্মচারীর দণ্ড নির্মাণ করতে হয়। দণ্ডের উচ্চতা পা হতে মাথা পর্যন্ত হওয়া আবশ্যক। উপবীত বা উত্তরীয় বাম কাঁধে অবস্থিত এবং ডান কাঁধে অবলম্বিত করা অবস্থায় ব্রহ্মচারীকে উপবীতী বলে। আবার উপবিত বা উত্তরীয় ডান কাঁধে অবস্থিত এবং বাম কাঁধে অবলম্বিত করা অবস্থায় ব্রহ্মচারীকে প্রাচীনাবীতী বলে। কণ্ঠে সরলভাবে মালার মত অবলম্বিত উপবীত বা বস্ত্রবিশিষ্ট ব্রহ্মচারীকে নিবীতী বলে।

ব্রহ্মাণ্ড পুরাণ মতে দণ্ড, মেখলা (কটিসূত্র) ও জটাধারণ বা শিখা-সূত্র (টিকী) ধারণ, ভূমিতে শয়ন, গুরু-শুশ্রূষা, ভিক্ষা প্রভৃতি ব্রহ্মচারীর ধর্ম। কূর্ম পুরাণে বলা হয়েছে, ভিক্ষাচারণ, গুরু-শুশ্রূষা, বেদপাঠ, সন্ধ্যাকার্য ও অগ্নিকার্য এই সমুদয় ব্রহ্মাচারীর ধর্ম। কূর্ম পুরাণের অন্যত্র বলা হয়েছে, ব্রহ্মচারী দুই প্রকার, যথা- উপকুর্বাণ এবং নৈষ্ঠিক। যিনি যথাবিধি বেদ অধ্যয়ন করে গৃহস্থাশ্রমে প্রবেশ করেন, তিনি উপকুর্বাণ ব্রহ্মচারী। আর যিনি ব্রহ্মচর্য আশ্রম শেষে গৃহস্থাশ্রমে প্রবেশ করেন না অর্থা সারা জীবন ব্রহ্মচর্য অবলম্বন করেন, তিনি নৈষ্ঠিক ব্রহ্মচারী। মনুসংসহিতায় ব্রহ্মচারীর যে দ্বায়িত্ব-কর্তব্যের কথা বর্ণনা করা হয়েছে, তা নিচে সংক্ষিপ্তাকারে দেয়া হল-
§    - প্রতিদিন স্নান করে শুদ্ধ হয়ে দেবতা ও পিতৃ-পুরুষের উদ্দেশ্যে তর্পণ বা জলদান করা।
§    - দেবতাদের পূজা করা।
§    -সকাল ও সন্ধ্যায় সমিধ দ্বারা হোম করা।
§   -মধু, মদ, মাংস, কর্পূর-চন্দন প্রভৃতি চিত্তে উন্মাদনা সৃষ্টিকারী গন্ধদ্রব্য, পুষ্পমাল্য, গুড়, স্ত্রীসঙ্গ, দধি জাতীয় খাদ্য এবং প্রাণিহিংসা বর্জন করা।
§    -অভ্যঙ্গ রূপ তেল, চোখের কাজল, চামড়ার পাদুকা (জুতা), ছাতা, বিষয়-বাসনা এবং নৃত্য-গীত পরিত্যাগ করা।
§    -একাকী ভূমিতে শয়ন করা।
§    -রেতঃপাত (শুক্রপাত) না করা।
§    -অনিচ্ছাবশত স্বপ্নাবস্থায় শুক্রপাত হলে স্নান করে গন্ধপুষ্পের দ্বারা সূর্যদেবের অর্চনা করে ‘‘পুনর্মামৈতু ইন্দ্রিয়ম্’’ (আমার বীর্য পুনরায়-আমাতে ফিরে আসুক) এই মন্ত্র তিন বার জপ করা
§    -আচার্যের জন্য কলসপূর্ণ জল, ফুল, গোবর, মাটি, কুশ প্রভৃতি সংগ্রহ করা।
§    -প্রতিদিন ভিক্ষা করে অন্ন সংগ্রহ করা।
§    -গুরুকুলে, পিতৃকুলে এবং মাতৃকুলে ভিক্ষা না করা।
§    -কেবল একজন ব্যক্তির নিকট ভিক্ষা না করে বাড়ি বাড়ি গিয়ে বহু লোকের নিকট ভিক্ষা করা।
§    -প্রতিনিয়ত বেদ অধ্যয়ন করা।
§    -স্ত্রী বিষয়ে চিন্তা না করা এবং স্ত্রীসঙ্গ ত্যাগ করা।
§    -মাতা, পিতা ও আচার্যকে দেবতা জ্ঞানে পূজা করা এবং তাদের যথাসাধ্য সেবা-শুশ্রূষা করা।

উপনয়ন হওয়ার পরে গুরুর নির্দেশমত কর্ম করাই ব্রচারীর কতর্ব্য। মনুসংহিতায় গুরুর প্রতি ব্রহ্মচারীর যে দায়িত্ব-কর্তব্য বর্ণিত আছে, তা এরকম-
§     -ব্রহ্মচারী গুরুর মুখের দিকে দৃষ্টি দিয়ে কৃতাঞ্জলিপুটে বা হাত জোড় করে দাড়িয়ে থাকবে। গুরু বসতে না বলা পর্যন্ত ব্রহ্মচারী বসতে পারবে না।
§     -গুরু খেতে না বলা পর্যন্ত ব্রহ্মাচারী খেতে পারবে না।
§     -ব্রহ্মচারী গুরুর তুলনায় নিম্নস্তরের খাদ্য গ্রহণ এবং নিম্নস্তরের বস্ত্র পরিধান করবে।
§    - গুরু নিদ্রা যাওয়ার পর ব্রহ্মচারী নিদ্রা যাবে এবং গুরুর নিদ্রাভঙ্গের পূর্বেই শয্যা ত্যাগ করবে।
§     -ব্রহ্মচারী গুরুর নিত্য-প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করবে।

মনুসংহিতায় ব্রহ্মচারীকে মস্তক মুণ্ডন করার অথবা জটা রাখার অথবা মস্তকের মধ্যস্থলে শিখা রেখে অবশিষ্ট কেশ মুণ্ডন করার নির্দেশ দেয়া হয়েছে। বিষ্ণুপুরাণে ব্রহ্মচারীর কর্তব্য সম্পর্কে বলা হয়েছে, ব্রহ্মচারী প্রাতঃকলে সূর্য এবং সন্ধ্যাকালে অগ্নির উপাসনা করবে এবং উপাসনার পর গুরম্নকে অভিবাদন করবে। গুরু অবস্থান করলে শিষ্যও অবস্থান করবে, গুরু গমন করলে শিষ্য গমন করবে এবং গুরু বসলে থাকলে শিষ্যও বসবে। ব্রহ্মচারী গুরুর বিরুদ্ধাচরণ করবে না। গুরুর আজ্ঞায় বেদ অধ্যয়ন করবে, পরে গুরুর আজ্ঞা অনুসারে ভিক্ষা করে সংগ্রহ করা অন্ন ভোজন করবে। গুরু স্নান করার পর শিষ্য স্নান করবে এবং প্রতিদিন প্রাতঃকালে ব্রহ্মচারী গুরুর জন্য কুশ, জল ও পুষ্প সংগ্রহ করবে। ব্রহ্মচারীদের অবশ্যই স্বত্ত্বগুণের অধিকারী হতে হবে। শুভ্র বা সাদা রং মূলত স্বত্ত্বগুণের প্রতীক। তাই ব্রহ্মচারীদের সাদা বস্ত্র এবং সাদা উত্তরীয় পরিধান করা কর্তব্য। তাদের সব সময় সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। গুরুগৃহে বেদ অধ্যয়ন সম্পন্ন করার পর ব্রহ্মচারীকে স্নাতক বলে। সণাতক ব্রহ্মচারীকে গুরুদক্ষিণা প্রদান করতে হয়। তারপর সণাতক ব্রহ্মচারীর উদ্দেশ্যে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে গুরু ব্রহ্মচারীকে নানা উপদেশ দিয়ে গৃহস্থ আশ্রমে প্রবেশের অনুমতি দান করেন। সমাবর্তন শেষে ব্রহ্মচারী বিবাহকার্য সম্পন্ন করে গার্হস্থ্য আশ্রমে প্রবেশ করে।

জীবনের শুরুতেই এত কঠোর ব্রত কেন? শুরুতেই যদি কঠোর ব্রত না করা হয় তবে গার্হস্থ্য জীবনে খুব সহজেই দেহটা পাপবিদ্ধ হরে পড়বে। তাই ব্রহ্মচারী কঠোর ব্রহ্মচর্য অবলম্বন করে সংসারে প্রবেশ করলে কোন পাপ তাকে স্পর্শ করতে পারবে না এবং ভবিষ্যতে সন্ন্যাস নেয়ার পথ সুগম হবে।

গার্হস্থ্য আশ্রম 

ব্রহ্মচর্য আশ্রমে সত্ত্বগুণের প্রাধান্য থাকলেও গার্হস্থ্য আশ্রমে সত্ত্ব, রজঃ ও তমঃ এই তিনগুণের সমন্বয় সাধিত হয়। ব্রহ্মা- পুরাণে আছে, বিবাহ, অগ্নিস্থাপন, অতিথি-সৎকার, যজ্ঞ, শ্রাদ্ধ এবং সমত্মান উৎপাদন গৃহস্থের ধর্ম । কূর্মপুরাণে বলা হয়েছে, গৃহস্থ-আশ্রমই শ্রেষ্ঠ এবং অন্যত্র বলা হয়েছে, অগ্নিরক্ষা (হোম), অতিথিসেবা, যজ্ঞ, দান ও দেবপূজা হল গৃহস্থের ধর্ম। গৃহস্থ বা গৃহী দুই প্রকার, যথা- উদাসীন ও সাধক। যিনি ঋণত্রয় হতে মুক্ত হয়ে, ধন সম্পদ ও স্ত্রী-পুত্র পরিহার করে মোক্ষলাভের আশায় একাকী বিচরণ করেন, তিনি উদসীন গৃহী এবং যিনি অতিথি সেবায় নিযুক্ত, তিনিই সাধক গৃহী। গৃহস্থের যে ধর্ম মনুসংহিতার বর্ণনা করা হয়েছে তা এরকম-
                                                                                                                            
§     -পিতা-মাতা, ঋষি ও পিতৃপুরুষদের পুজা ও স্তব-স্তুতি করা।
§     -অতিথিসেবা, পিতৃপুরুষদের শ্রাদ্ধকার্য এবং জীবসেবা করা।
§     -পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রতিদিন তর্পণ বা জলদান করা।
§     -‘‘অগ্নয়ে স্বাহা’’ মন্ত্রে অগ্নি দেবতার উদ্দেশ্যে এবং ‘‘সোমায় স্বাহা’’ মন্ত্রে সোমদেবতার উদ্দেশ্যে হোম করা এবং পরে ‘‘অগ্নি সোমাভ্যং স্বাহা’’ মন্ত্রে একত্রে ঐ দুই দেবতার উদ্দেশ্যে হোম করা।
§     -বিশ্বদেবগণ, ধন্বন্তরি, কুহু, অনুমতি, প্রজাপতি ব্রহ্ম, দ্যাবাপৃথিবী এবং শেষে স্বিষ্ঠকৃৎ নামক অগ্নির উদ্দেশ্যে হোম করা।
§    - দশদিক প্রদক্ষিণ করে দশদিকপালগণকে প্রণাম করা।
§     -ব্রাহ্মণ সেবা করা।
§     -সূর্যাস্তের পর গৃহে কোন অতিথি আসলে তাকে ফিরিয়ে না দিয়ে তার সেবা-যত্ন করা।
§     -দেবগণ, ঋষিগণ, পিতৃপুরুষগণ এবং পরিচালকবর্গের ভোজন শেষে যে অন্ন অবশিষ্ট থাকবে, তা ভোজন করা ।
§     -দেবগণ, ঋষিগণ, পিতৃপুরুষগণ এবং গৃহদেতাকে পূজা করার পর সস্ত্রীক ভোজন করা। 
§     -ঋতুকালে স্ত্রীগমন করা।
§     -মাতা, পিতা ও গুরুর সেবা করা।
§     -সন্তান প্রতিপালন করা।

মহানির্বাণতন্ত্রে গৃহস্থের প্রতি যে নির্দেশ দেয়া হয়েছে, তা এরকম- গৃহস্থ ব্রহ্মনিষ্ঠ ও ব্রহ্মজ্ঞানপরায়ণ হবে, সর্বকর্ম ব্রহ্মে সমার্পণ করবে, কখনও মিথ্যা কথা বলবে না, সর্বদা কপট-আচরণ পরিত্যাগ করবে, দেবতা ও অতিথি পূজায় নিয়োজিত হবে, পিতা-মাতা ও দেবতাকে রক্ষনাবেক্ষণ করবে, পুত্রগণকে বিদ্যা-শিক্ষা অর্জন করাবে, স্বজন ও বন্ধুবান্ধবগণকে ভরণপোষণ করবে এবং গুরুজন ও আত্মীয়বর্গের সেবা করবে। বিষ্ণু পুরাণে বলা হয়েছে- গৃহস্থগণ পিণ্ডদানাদি দ্বারা পিতৃগণের, যজ্ঞ দ্বারা দেবগণের, অন্ন দ্বারা অতিথিগণের, বেদ অধ্যয়ন দ্বারা ঋষিগণের, পুত্র উৎপাদনের দ্বারা প্রজাপতি ব্রহ্মার, বলি-কর্ম দ্বারা প্রাণিগণের এবং সত্যবাক্য দ্বারা সমগ্র পৃথিবীর অর্চনা করে উত্তমলোক গমন করেন। বিষ্ণু পুরাণে আরো বলা হয়েছে, ব্রহ্মচারী এবং সন্ন্যাসীদের ভিক্ষা দেওয়া গৃহস্থের একান্ত কর্তব্য কারণ গৃহস্থই তাঁদের আশ্রয়। সন্ধ্যাকালে কোন অতিথি বা সন্ন্যাসী আসলে তাঁকে অবশ্যই আশ্রয় দেওয়া কর্তব্য। অতিথির প্রতি অবজ্ঞা, কোন কিছু দান করে পরিতাপ, প্রত্যাখ্যান ও নিষ্ঠুরতা- এসব গৃহস্থের জন্য বর্জনীয়। ব্রহ্মচর্য অবলম্বনকালে মস্তক-মুণ্ডন, জটা রাখা, টিকি রাখা প্রভৃতির নির্দেশ থাকলেও গৃহস্থ আশ্রমে গৃহী চুল রাখতে ও অঙ্গসজ্জা করতে পারবে। ব্রহ্মচর্য অবলম্বনকালে সাদা বস্ত্র পরিধানের নির্দেশ থাকলেও গৃহস্থ আশ্রমে রঙ্গীন বস্ত্র পরিধান করা যাবে। এছাড়াও মাছ-মাংস ভক্ষণ করা যাবে। তেল ও গন্ধদ্রব্য সহ সকল ধরনের প্রসাধনী ব্যবহার এবং গীত-বাদ্য শ্রবণ করা যাবে।

বানপ্রস্থ

বিষ্ণুপুরাণে আছে- বানপ্রস্থ আশ্রমী বনে বাস করে কেশ, শ্মশ্রু (দাড়ি) ও জটা ধারণপূর্বক ফল-মূল ও বৃক্ষের পত্র আহার করবেন। তিনি ভূমিতে শয়ন করবেন এবং সকল প্রকার অতিথি পূজা করবেন। তিনি চর্ম, কাশ ও কুশ দ্বারা পরিধেয় বস্ত্র ও উত্তরীয় তৈরি করবেন। প্রতিদিন ত্রিসন্ধ্যা, দেবপূজা, হোম, অতিথি-সৎকার, ভিক্ষুককে ভিক্ষা দান প্রভৃতি বনবাসীর কর্তব্যকর্ম। গায়ে বনজ তৈল মাখবেন এবং শীত-গ্রীষ্ম সহ্য করে তপস্যা করবেন। কূর্ম পুরাণে আছে, হোম, ফল-মূল আহার, বেদপাঠ, তপস্যা এবং যথাবিধি সংবিভাগ (সম্পদ বিভাগ) বানপ্রস্থীর ধর্ম।

যখন গৃহস্তের নিজ দেহে বলি (চর্মে শিথিলতা) ও পলিত (চুলের পক্কতা) উপস্থিত হবে এবং যখন পৌত্র (নাতি) ভূমিষ্ঠ হবে, তখন বনে গমন করা কর্তব্য। বনে গমনের পূর্বে বনে যেতে অনিচ্ছুক পত্নীকে পুত্রের হাতে সমর্পণ করা কর্তব্য। বানপ্রস্থীদের শাক-ফল-মূল আহার এবং পঞ্চমহাযজ্ঞের (ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ ও নৃযজ্ঞ) অনুষ্ঠান করা কর্তব্য। বানপ্রস্থী নিজে যা ভক্ষণ করবেন তা থেকে সাধ্যমত ভূতবলি দেবেন, ভিক্ষুককে ভিক্ষা দেবেন, আশ্রমে আগত অতিথিদের জল-ফল-মূলাদির দ্বারা অর্চনা করবেন এবং বেদ অধ্যয়ন ও যাগ-যজ্ঞ সম্পাদন করবেন। ফলমূল ছাড়াও তাঁরা বন্যশস্য পাক করে ভোজন করতে পারবেন। তাঁদের শুধু রাত্রিবেলা ভোজন করা কর্তব্য। মনুসংহিতায় বানপ্রস্থ-আশ্রমীর কর্তব্য-কর্ম সম্পর্কে যা বলা হয়েছে তা নিচে সংক্ষেপে বর্ণনা করা হল। 
§     -ধান, যব, গম প্রভৃতি শস্য আহার করবে এবং গরু-ঘোড়া, বস্ত্র, আসন-শয্যা পভৃতি পরিচ্ছদ ত্যাগ করে বনে গমন করবে।
§     -স্ত্রী বনে যেতে চাইলে তাকে সঙ্গে নিতে পারবে কিন্তু যেতে না চাইলে তাকে পুত্রের হাতে অর্পণ করে বনে যাবে।
§     -মুনিগণের ব্যবহার্য পবিত্র অন্ন অথবা শাকসবজি, ফল প্রভৃতি ভোজন করবে।
§     - শাস্ত্রীয় বিধান অনুসারে পঞ্চমহাযজ্ঞ করবে।
§     -বানপ্রস্থাশ্রমী মৃগ বা হরিণের চর্ম অথবা বস্ত্রখণ্ড পরিধান করবে।        
§     -ঊষাকালে এবং সন্ধ্যাকালে সণান করবে।
§     -জটা শ্মশ্রু (দাড়ি), লোম ও নঁখ ধারণ করবে।
§     -ভিক্ষুককে ভিক্ষা দেবে এবং অতিথি-সেবা করবে।
§     -স্বাধ্যায় (বেদ অধ্যয়ন) করবে।
§     -সকল জীবে দয়া করবে।
§     -প্রিয়ভাষী হবে।
§     -আশ্রমীদের নিকট দান গ্রহণ করবে না।
§     -দানধর্ম পালন করবে।
§     -অগ্নিত্রয় নিয়ে শ্রৌতকর্ম, যজ্ঞ ও হোম করবে।
§     -মধু ও মাংস বর্জন করবে।
§     -পিতৃতর্পণ ও দেবতপর্ণ করবে।
§     -মৌনতা অবলম্বন করবে
§     -শীত, গ্রীষ্ম ও বর্ষা জয় করার জন্য নানা কঠোর তপস্যা করবে।

সন্ন্যাস

‘ন্যাস’ শব্দের অর্থ হল ত্যাগ। সম্যক রূপে যে ত্যাগ, তাই সন্ন্যাস। মলত বিষয়-বাসনা বা সংসারচিন্তা ত্যাগের নামই সন্ন্যাস। শাস্ত্রে বানপ্রস্থের পর পঁচাত্তর বছর বয়সে সন্ন্যাস নেয়ার কথা বলা হলেও যে কোন বয়সেই সন্ন্যাস নেয়া যায়। যদি যৌবনেই কারও বিষয়-বাসনা ও কামিনী-কাঞ্চনে আসক্তি না থাকে এবং মুক্তিলাভের তীব্র ইচ্ছা থাকে, তবে তিনি ব্রহ্মচর্যের পরই সন্ন্যাস আশ্রম আলম্বন করতে পারবেন। সন্ন্যাস গ্রহণের একমাত্র উদ্দেশ্য মুক্তিলাভ। ব্রহ্মা- পুরাণে বলা হয়েছে, স্বস্তিকাদি আসন অভ্যাস, বস্ত্রে ভিক্ষা গ্রহণ, চৌর্য পরিত্যাগ, শুচিতা, অপ্রমাদ, স্ত্রীসম্ভোগ পরিহার, ক্রোধত্যাগ, সর্বজীবে দয়া, গুরু-শুশ্রূষা ও সত্য বাক্য বলা এই কয়েকটি ভিক্ষু বা সন্ন্যাসীর ধর্ম। এছাড়াও সন্ন্যাসীদের আচার শুদ্ধি, নিয়ম, প্রতিকর্ম ও সর্বভূতে সমদর্শন এই পাঁচটি উপব্রত রয়েছে। মহানির্বাণতন্ত্রে বলা হয়েছে, সন্ন্যাসী পিতা-মাতা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী, গ্রামবাসী সকলের অনুমতি নিয়ে দেবতাকে প্রণাম করে গ্রাম প্রদক্ষিণ করে গৃহ ত্যাগ করবেন। পিতৃঋণ, দেবঋণ ও ঋষি ঋণ হতে মৃক্তিলাভের জন্য তিনি পিতৃগণ, দেবগণ ও ঋষিগণের পূজা করবেন। তিনি আবাস-গৃহশূন্য, ক্ষমাশীল, মায়া-মমতাশূন্য, অহঙ্কারশূন্য, ধীর, জিতেন্দ্রিয়, সুখে-দুঃখে সমজ্ঞানী হবেন। তিনি অর্জিত বস্তু রক্ষা এবং অলব্ধ বস্ত্ত লাভ করতে চেষ্টা করবেন না। তাঁকে শীত-গ্রীষ্ম সহিষ্ণু হতে হবে। তিনি শুভ ও অশুভ সকল বিষয় সমানভাবে দেখবেন। সন্ন্যাসী ধাতুদ্রব্য, পরনিন্দা, মিথ্যা ব্যবহার, স্ত্রীসঙ্গ, হিংসা, ক্রোধ প্রভৃতি পরিত্যাগ করবেন। সন্ন্যাসী ব্রাহ্মণ-চণ্ডাল সকলের অন্ন স্থান-কাল-পাত্র বিবেজনা না করেই ভোজন করবেন। তিনি বেদ-শাস্ত্র যথাবিধি অধ্যয়ন করবেন। মনুসংহিতায় সন্ন্যাসীর যে কর্তব্য-কর্মের কথা উলেস্নখ আছে তার সংক্ষিপ্তকারে নিচে দেয়া হল। 
§     -সন্ন্যাসি দণ্ড, কমুণ্ডলু, কৃষ্ণাজিন (কৃষ্ণমৃগের চামড়া) প্রভৃতি ধারণ করবেন।
§     -কোন কামনার বস্তু সামনে এসে পড়লেও তাতে আকৃষ্ট হবেন না।
§     -সকলের সঙ্গ ত্যাগ করে মমতাশূন্য হয়ে একাকী বিচরণ করবেন।
§     -সব সময় নির্জন স্থানে বাস করবেন। কেবলমাত্র অন্ন সংগ্রহের জন্য লোকালয়ে গৃহস্থের নিকট যাবেন।
§     -মাটির তৈরী ভাঙা শরা প্রভৃতি ভিক্ষা-পাত্রে ভিক্ষা করবেন, বাসের জন্য গাছতলায় আশ্রয় নিবেন এবং ছেড়া ও মোটা কৌপিনাদি বস্ত্র পরিধান করবেন।
§     -মৌনতা অবলম্বন করবেন এবং কথা বলার প্রয়োজন হলে সত্য বাক্য বলবেন।
§     -মৃত্যুকে অভিনন্দন জানাবেন না আবার জীবনকেও প্রশংসা করবেন না।
§     -হাটার সময় এমন ভাবে পা ফেলবেন যাতে কোন কীট না মারা যায়। কাপড় দিয়ে ছেকে জল পান করবেন যাতে পেটে গিয়ে জলের কীট না মারা যায়।
§     -কেউ যদি অপ্রিয় কথা বলে বা আশোভনীয় আচরণ করে তা সহ্য করবেন এবং কারো সাথে শক্রতা করবেন না।
§     -কেউ যদি তাঁর উপর ক্রোধান্বিত হয়, তবু্ও তার প্রতি ক্রোধান্বিত হবেন না।
§     -সন্ন্যাসী কেশ মুণ্ডিত করবেন এবং নখ ও শ্মশ্রু কেটে ফেলবেন।
§     -সন্ন্যাসী ভিক্ষা করে একবার ভোজন করবেন। অতিরিক্ত ভিক্ষা করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করবেন না।
§    -সন্ন্যাসী তপস্যা-ধানে অধিকাংশ সময় ব্যয় করবেন। সন্ন্যাসী কর্তৃক কোন প্রাণী নিহত হলে পাপমুক্তির জন্য স্নান করে ছয়বার প্রাণায়াম করবেন।

সন্ন্যাসীরা জীবন্মুক্ত অর্থাৎ তাঁরা জীবিত হয়েও মুক্ত স্বভাবের। তাই সন্ন্যাসীদের মৃত্যুর পর দাহ করা অনুচিত। তাঁদের মৃত্যুতে কারও অশৌচও হয় না। যা হোক, কালের বিবর্তনে অনেক বিধি-বিধানই পরিবর্তিত হচ্ছে। গুরুগৃহে গমনপূর্বক শিক্ষা অর্জনের প্রথা ইদানিং নেই বললেই চলে, বনে গমনেরও সুব্যবস্থা নেই এবং সন্ন্যাসও বাধ্যতামূলক নয়। ধর্মের প্রতি নিষ্ঠা ও শ্রদ্ধাবোধ থাকলে গৃহে থেকেও ব্রহ্মচর্য অবলম্বন করা যায়।